
এই তো, মাত্র কয়েক দিন আগেই জমকালো আর আলো ঝলকানো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের টি মোবাইল এরেনায় দেওয়া হয়েছে এই বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড। সারা বছরজুড়ে সংগীতপ্রেমীরা চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন যে আয়োজনগুলোর জন্য, তার মধ্যে এই পুরস্কার অন্যতম একটি। তাই বিলবোর্ডের স্বর্ণালি পদক যাঁদের হাতে ওঠে, তাঁদের দিকে সবার অতিরিক্ত নজর তো থাকেই!
এই যেমন ধরুন টোয়েন্টি ওয়ান পাইলটসের কথাই! এই বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড আর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, দুই আয়োজনেই ‘টপ ডুও/গ্রুপ’-এর পুরস্কার ঝুলিতে পুরেছে মার্কিন এই ব্যান্ড। শুধু এই দুই পুরস্কারই নয়, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ‘বিলবোর্ড চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’, ‘টপ রেডিও সং’স আর্টিস্ট’, ‘টপ রক আর্টিস্ট’ ‘টপ রক সং’ সব অ্যাওয়ার্ডই এবার নিজেদের দখলে নিয়েছে টুয়েন্টি ওয়ান পাইলটস।
টোয়েন্টি ওয়ান পাইলটসের যাত্রা শুরু ২০০৯ সালে। যুক্তরাষ্ট্রের তিন কলেজবন্ধু টাইলার জোসেফ, নিক থমাস আর ক্রিস সালিহ মিলে একসঙ্গে শুরু করেছিলেন ব্যান্ডটি। পরে অবশ্য ২০১১ সালে নিক থমাস আর ক্রিস সালিহ ব্যান্ডটি ছেড়ে চলে যান, নতুন সদস্য হিসেবে যোগ দেন জশ ডান। জোসেফ আর জশ, এই দুজন মিলেই এখন দাপিয়ে বেড়াচ্ছেন মঞ্চ!
টোয়েন্টি ওয়ান পাইলটস, গানের দল হিসেবে এই নামটা একটু অন্য রকম, তা-ই না? দলের নামটা রেখেছিলেন জোসেফ। লেখক আর্থার মিলারের বিখ্যাত নাটক আল মাই সন’স-এর মূল কাহিনি থেকে নামটা নিয়েছেন জোসেফ। শুধু তা-ই নয়, এই কাহিনি থেকেই তিনি ব্যান্ড দল করার মূল অনুপ্রেরণা পেয়েছিলেন।
এই পর্যন্ত চারটি অ্যালবাম বের হয়েছে টোয়েন্টি ওয়ান পাইলটসের। এর মধ্যে প্রতিটি অ্যালবামই বেশ ভালোই দর্শকপ্রিয়তা পেয়েছে। শেষ অ্যালবাম ব্লারিফেস-এর গান ‘রাইড’ তো এই বছরই পেয়েছে বিলবোর্ডে সেরা রক গানের পুরস্কার। এই এপ্রিল পর্যন্ত ব্লারিফেস অ্যালবামটি শুধু আমেরিকাতেই বিক্রি হয়েছে ১৫ লাখ কপি! টুয়েন্টি ওয়ান পাইলটসের মজার ব্যাপার কী জানেন? তাঁরা সব সময় লাল রঙের হাতবন্ধনী পরে গান গাইতে নামেন। এই লাল বন্ধনী হচ্ছে তাঁদের তৈরি করা একটি চরিত্র ব্লারিফেস-এর প্রতীক।
টোয়েন্টি ওয়ান পাইলটস এখন ব্যস্ত আছে তাদের ভ্রমণ নিয়ে। এই তো, এই মাসেই শুরু হচ্ছে সেটি, সারা আমেরিকাতেই চলবে এই ভ্রমণ। আর নতুন অ্যালবাম? তার বিষয়ে এখনো কিছু জানা যায়নি!
নাজিয়া শারমিন
টোয়েন্টি ওয়ান পাইলটস ডটকম, অল্টারনেটিভ প্রেস অবলম্বনে