ট্রাই নেশন বিগ শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের মতো বড় আয়োজনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বকাপ ক্রিকেট আয়োজন আমাদের জন্য অনেক সৌভাগ্যের এবং পরম একটি পাওয়া। বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপনা করার জন্য এটা বড় একটি সুযোগ। ১৮ ফেব্রুয়ারি বিকেল থেকে রাত অবধি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলবে ত্রি-দেশীয় এই অনুষ্ঠানটি। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার তারকাশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘ডেসটিনি গ্রুপ ট্রাই নেশন বিগ শো ’। আজ রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিশ্বকাপ-পূর্ববর্তী অনুষ্ঠান সর্ম্পকে এসব কথা বলেন এটিএন ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। তাপস এও বলেন, বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে এটিএন ইভেন্টস অনেক দিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের বড় এই ইভেন্টসের জড়িত হওয়া। ট্রাই নেশন বিগ শোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দেশের স্বনামখ্যাত বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এটাও আমাদের জন্য বড় একটা প্লাটফর্ম। আমরা এই ইভেন্টের মধ্য দিয়ে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। সংবাদ সম্মেলনে এটিএন ইভেন্টস ও ডেসটিনি গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি শেষে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন এটিএন ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেনের কাছে ১১ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় ‘ডেসটিনি গ্রুপ ট্রাই নেশন বিগ শো’র লোগোও উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ (বীর প্রতীক), ডেসটিনি-২০০০-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন ও ভাইস চেয়ারম্যান মো. গোফরানুল হক, বৈশাখী টেলিভিশনের সিইও অ্যান্ড এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান, এটিএন ইভেন্টসের চিফ কমিউনিকেশন কর্মকর্তা ফারজানা আরমান মুন্নি। ‘ডেসটিনি গ্রুপ ট্রাইনেশন বিগ শো’র মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও বৈশাখী টেলিভিশন এবং প্রমোশন পার্টনার ওয়ালটন। কৌশিক হোসেন আরও জানান, কনসার্ট ও অন্যান্য কার্যক্রম থেকে বাংলাদেশ ক্রিকেট বোডর্কে এটিএন ইভেন্টস সাত কোটি টাকা প্রদান করবে। ‘ডেসটিনি গ্রুপ ট্রাই নেশন বিগ শো’র টিকিট ১০ ফেব্রুয়ারি থেকে ছাড়া হবে।