ট্রাফিক আইন মানেন না বিদ্যা!
চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীরা কি আইনের ঊর্ধ্বে, নাকি অর্থ থাকলেই সবকিছু করা যায়? সম্প্রতি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘ডার্টি পিকচার’খ্যাত অভিনেত্রী বিদ্যা বালানের এক আচরণের কারণে এ প্রশ্ন উঠেছে। কী করেছেন বিদ্যা বালান? গাড়িতে কালো কাচ ব্যবহার করা নিষিদ্ধ হলেও বিদ্যা তাঁর গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার করেই ঘুরছেন। এরমধ্যে বেশ কয়েকবারই পুলিশ তাঁর গাড়ি আটকেছে। কিন্তু যখনই ধরা পড়েছেন তখনই জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিদ্যার ভাষ্য, জরিমানা দিতে রাজি আছেন তিনি, কিন্তু কিছুতেই তাঁর গাড়ির কালো কাচ সরাবেন না! এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।বলিউডের চলচ্চিত্রে বিদ্যার সাম্প্রতিক সাফল্য তাঁকে বলিউডের শীর্ষ তারকাদের কাতারে তুলেছে। ১৪ ডিসেম্বর সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সব মিলিয়ে দারুণ সময় উপভোগ করছেন বিদ্যা বালান। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই মিডিয়া ও লোকচক্ষুর আড়াল হওয়ার চেষ্টা করছিলেন তিনি। বিয়েটাও সেরেছেন অনেকটাই চুপিসারে, আর বিয়ের পর থেকেই বিদ্যা যেন নিখোঁজ! তাঁকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন অনেক ভক্ত। কিন্তু বিদ্যা তাঁর গাড়িতেও লাগিয়েছেন কালো কাচ। গাড়িতে কালো কাচ লাগানো যে অবৈধ সেটা তিনি ভালো করেই জানেন। বারবার জরিমানা দিচ্ছেন, কিন্তু কালো কাচ তিনি সরাবেন না বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এটা কি তারকা বলে আইন অবজ্ঞা করা? নাকি অর্থের জোরে ভক্ত আর পাপারাজ্জিদের থেকে দূরে থাকার চেষ্টা? এ প্রশ্নের উত্তর অবশ্য বিদ্যা বালানই ভালো দিতে পারবেন।