ট্রাম্পের দরজায় ডিক্যাপ্রিও!


সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, বৈশ্বিক উষ্ণতা চীনাদের একটি ধাপ্পাবাজি। ঘোষণা দিয়েছেন, শিগগিরই তিনি প্যারিস চুক্তি বাতিল করে দেবেন। সেই ট্রাম্পের কাছেই কিনা পরিবেশ নিয়ে কথা বলতে গেলেন লিওনার্দো ডিক্যাপ্রিও!
অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো তাঁর তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়ছেন। গত বুধবার তিনি ও তাঁর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী টেরি তাম্মিনেন ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সেখানে ট্রাম্পকে ৯০ মিনিটের একটি প্রেজেন্টেশন দেখানো হয়।
সাক্ষাতের পর লিওনার্দো ট্রাম্প-কন্যা ইভানকাকে তাঁর প্রযোজিত প্রামাণ্যচিত্র বিফোর দ্য ফ্লাড-এর একটি ডিভিডি উপহার দেন। ছবিটি জলবায়ু পরিবর্তন নিয়ে। এ বিপর্যয় ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তারও কিছু সুপারিশ আছে সেখানে।
লিওনার্দো জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের শান্তিদূত হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে পেয়েছেন ‘ক্লিনটন গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড’। ১৯৯৮ সালে তিনি তৈরি করেন লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন, যার মূল লক্ষ্য পৃথিবীর শেষ বনভূমি রক্ষা করা। ইয়াহু নিউজ।