ট্রাম্পের নিন্দায় তারকা-জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে-পরে হলিউড তারকাদের অনেকে তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন। বিস্তর কারণও আছে। নানা বিষয়ে ট্রাম্প আলটপকা মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। এসব কারণে কেউ তাঁকে ‘নারীবিদ্বেষী’, ‘জাতিবিদ্বেষী’, ‘একগুঁয়ে’, ‘অগণতান্ত্রিক’ ইত্যাদি ‘বিশেষণ’ দিয়েছেন। তবে ট্রাম্প এসবের যে খুব পরোয়া করছেন, তা মনে হচ্ছে না। সে যা-ই হোক, তাঁর সমালোচকদের তালিকায় জনি ডেপের মতো পুরোনো অভিনেতা যেমন আছেন, তেমনি এমা ওয়াটসনের মতো উঠতি তারকাও আছেন। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানখ্যাত ডেপ বলেছেন, ট্রাম্পের মধ্যে এক ধরনের ভান বা কপটতা আছে। তাঁর তর্জন-গর্জন অনেক সময় ছোকরাসুলভ।

অভিনেত্রী আমেরিকা ফেরেরার মন্তব্য, ট্রাম্প এখনো একটা ‘সেকেলে গোঁড়া আমেরিকা’য় পড়ে আছেন।

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী লোকজনকে ট্রাম্প ‘ধর্ষণকারী’ বলেছেন। প্রতিবাদ জানিয়ে জবাব, এটা বিদ্বেষপূর্ণ ও বর্ণবাদী মন্তব্য। একটা দেশকে বিভক্ত করার প্রয়াস, যা কিনা বছরের পর বছর ধরে বৈচিত্র্যের পক্ষে কাজ করছে!

প্রিটি ওমানখ্যাত রিচার্ড গিয়ার তো ট্রাম্পকে ফ্যাসিবাদী মুসোলিনির সঙ্গে তুলনা করেছেন। এক সাক্ষাৎকারে গিয়ার বলেছেন, ‘ট্রাম্প একটা বক্তৃতাবাজ, ভাঁড় ছাড়া আর কিছুই নন।’

অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার মন্তব্য, ‘ট্রাম্পের কথাবার্তায় মনে হয় তিনি আবেগের কারাগারে বন্দী। তাঁর বাগাড়ম্বর হিটলারের মতো।’

হরর ছবির জন্য খ্যাত পরিচালক স্টিফেন কিং বলেছেন, ‘প্রেসিডেন্টের দায়িত্বে ট্রাম্পকে দেখাটা আর যেকোনো বিষয়ের চেয়ে বেশি ভয়ংকর।’

অস্কারজয়ী তারকা জেনিফার লরেন্স ট্রাম্পের জয়ের আগে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে পৃথিবীর অন্তিমকাল নেমে আসবে। আমি রিপাবলিকান হিসেবে বেড়ে উঠেছি। কিন্তু এখন এই দলের নেতাকে সমর্থন করতে পারি না, যিনি নারীর মৌলিক অধিকারের পক্ষে নেই।’

ট্রাম্পের সমালোচনায় একাধিকবার যোগ দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ। জবাবে মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লিখেছেন, স্ট্রিপ একজন অতিমূল্যায়িত তারকা। তিনি হিলারির সমর্থক।

রবার্ট ডি নিরো নতুন প্রেসিডেন্টকে ইতর প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। আর ট্রাম্পের বিরুদ্ধে নারী সমাবেশে যোগ দিয়ে পপতারকা ম্যাডোনাও ক্ষোভ জানিয়েছেন। এমা ওয়াটসনও সেই প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেন। ক্ষোভ জানিয়েছেন সংগীতশিল্পী শাকিরাও।

মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা (বর্তমানে আদালতের নির্দেশে স্থগিত) দিয়ে ট্রাম্প তুমুল বিতর্কের জন্ম দেন। এ ব্যাপারে তাঁর নির্বাহী আদেশের কঠোর সমালোচনায় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘এতে দুর্দশাগ্রস্ত শরণার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং কট্টরপন্থার বিস্তার ঘটতে পারে। ধর্মীয় বিভেদ টেনে ট্রাম্প আগুন নিয়ে খেলছেন।’

ট্রাম্পের কাজকর্মের নিন্দার প্রতিফলন সর্বশেষ অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও পড়েছে। ধনকুবের ট্রাম্প একসময় হলিউডে কাজ করেছেন। অথচ সেখানে এখন তাঁর বিরুদ্ধে এত সমালোচনা! এ পরিস্থিতি পাল্টাবে কি না, সেটা ট্রাম্পের আগামী দিনের আচরণ ও কাজকর্মের ওপরই নির্ভর করবে।

আশিস আচার্য

টেলিগ্রাফ অবলম্বনে