ট্রুফুলার সন্ধানে টেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. জ্যুস দ্য লোরাক্স সিনেমাটি মুক্তি পেল ২ মার্চ। এ দিনটি ছিল ড. জ্যুসের ১০৮তম জন্মদিন। মুক্তি পাওয়ার দিনেই বক্স অফিস মাতিয়ে দিয়েছে ছবিটি। এখন হলিউড টপচার্টের শীর্ষে অবস্থান করছে ছবিটি। সপ্তাহ শেষে এর আয় দাঁড়ায় ৭০.২২ মিলিয়ন ডলার। সিনেমার পুরোটা জুড়েই রয়েছে লোরাক্সের প্রতিবাদ আর আহ্বান। লোরাক্স একজন বনদেবতা। সে বলে, গাছদের কথা বলার ক্ষমতা নেই, আমিই তাদের পক্ষে কথা বলছি। লোরাক্সের এই ধ্বনি দিগ্বিদিকে ছড়িয়ে পড়ে।ড. জ্যুস দ্য লোরাক্স চলচ্চিত্রটিতে প্রকৃতি আর লোভকে বিপরীত মেরুতে দেখানো হয়েছে। এখানে বিনোদনের সঙ্গে শিক্ষামূলক সর্তকবার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে। কাহিনির শুরুতেই দেখা যায়, টেড উইগিনস ১২ বছরের এক বালক। সে থিটভিলে শহরে বাস করে। যে শহরের সবকিছু কৃত্রিম। দেয়াল দিয়ে ঘেরা এ শহরের সঙ্গে বাইরের জগতের যোগাযোগ নেই। শহরে নেই একটিও গাছ।ভাবুকপ্রকৃতির টেড ভালোবাসে অড্রেকে। অড্রে একজন প্রকৃতিপ্রেমী। তার আঁকা ছবির সবটা জুড়েই শুধু গাছ আর লতা-পাতার ছবি। অড্রে সত্যিকারের একটি গাছ চায়, ট্রুফুলা গাছ। যেটি এই শহর থেকে বহু আগে বিলুপ্ত হয়ে গেছে।ছবিটিতে অড্রেকে প্রকৃতির প্রতীকও বলা যায়। টেড জানতে পারে, ওয়ান্সলার নামে একজন থাকে শহরের বাইরে। তার কাছে একটি ট্রুফুলা বীজ রয়েছে।টেড ভালোবাসার মানুষের জন্য ক্ষুদ্রজগৎ থেকে তার চোখ বিস্তৃত করে বাইরে। সে বাধা উপেক্ষা করেও শহরের বাইরে আসে। বাইরে আসার অনুপ্রেরণা নারী হলেও এখানে জয়গান করা হয়েছে প্রকৃতির।এরপর কাহিনি এগিয়ে যায়। ওয়ান্সলারের কাছে টেড ট্রুফুলা বীজ চায়। কিন্তু ওয়ান্সলার তাকে তার কাহিনি শোনার শর্তে বীজ দিতে রাজি হয়। শুরু হয় ওয়ান্সলারের কাহিনি। ওয়ান্সলার টেডকে বলে, সে ট্রুফুলা গাছ থেকে কাপড় তৈরি করত। একসময় লোভে পড়ে সব গাছ কেটে ফেলে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। পুরো এলাকা পরিণত হয় মরুভূমিতে। সেখান থেকে পাখি, পুকুরের মাছ, বনের প্রাণী সব চলে যায়। একসময় বনদেবতা লোরাক্সও তাকে ত্যাগ করে। আর কোনো ট্রুফুলা গাছ না থাকায় তার ব্যবসাও বন্ধ হয়ে যায়। ওয়ান্সলার একটি ট্রুফুলা বীজ রেখে দিয়েছিল তার কাছে। সেটি সে টেডকে দেয়। টেড এটি নিয়ে তার শহরে আসে। বিপত্তি বাধে বীজ বুনতে গিয়ে। শহরের মেয়র ও’হেয়ার একটি বোতলজাত অক্সিজেন কোম্পানির মালিক। সে মনে করে শহরে গাছ লাগালে তার অক্সিজেন বিক্রি বন্ধ হয়ে যাবে। তাই সে বাধা দেয়। কিন্তু টেড আর অড্রে শহরের সবাইকে সঙ্গে নিয়ে বীজটি লাগায়।৯৪ মিনিটের এই ছবিটি ড. জ্যুসের শিশুতোষ গ্রন্থ দ্য লোরাক্স অবলম্বনে নির্মিত। ক্রিস রিনউড-এর পরিচালনায় এই সিনেমায় কণ্ঠ দেন জ্যাক এফরোন, টেইলর সুইফট, ড্যানি ডেভিডো প্রমুখ। চলচ্চিত্রটি নিয়ে সমালোচকদের মিশ্র মতামত থাকলেও এই সিনেমার পরিবেশবাদী বার্তাগুলো যে দর্শকদের হূদয় ছুঁয়ে যাবে, তা বলাই বাহুল্য।