ট্রেন্ড উপস্থাপনায় সুজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুয়েক আগে প্রথমবারের মতো উপস্থাপনা করেছিলেন মডেল ও অভিনয়শিল্পী সুজানা। সম্প্রতি ফ্যাশন-সচেতন তরুণ-তরুণীদের জন্য নির্মিত অনুষ্ঠান ‘ট্রেন্ড’-এর উপস্থাপনা করলেন তিনি। এ প্রসঙ্গে সুজানা জানিয়েছেন, ‘বছর দুয়েক আগে প্রথম যখন অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম, এরপর একসঙ্গে অনেকগুলো প্রস্তাব এসেছিল আমার কাছে, কিন্তু সে সময় উপস্থাপনা আমাকে সেভাবে টানেনি, যতটা টেনেছিল অভিনয় বা মডেলিং। বেশ কিছুদিন ধরে এটিএন বাংলা কর্তৃপক্ষের সঙ্গে ট্রেন্ড অনুষ্ঠানটির উপস্থাপনার ব্যাপারে আলোচনা হচ্ছিল। একসময় অনুষ্ঠান ভাবনাটা পছন্দ হওয়ায় রাজি হয়ে গেলাম।’ সুজানা জানান, পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে ফ্যাশন ও লাইফ স্টাইলকে কেন্দ্র করে। তরুণ-তরুণীদের জন্য হাল ফ্যাশনের প্রয়োজনীয় সবকিছুই থাকবে এ অনুষ্ঠানে। লাইফ স্টাইল, ফোকাস ইন, ইটিংআউট, ফ্যাশন, বিউটি শিরোনামে ভাগে ভাগে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। নিজেকে ফ্যাশনেবল করে তুলে ধরতে ফিটনেসের সঙ্গে জরুরি হেয়ার স্টাইল, সময়োপযোগী পোশাক, ফ্যাশন সচেতনতাসহ খুঁটিনাটি আরও অনেক বিষয়। ফিটনেসের আদ্যোপান্ত, ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গ, চলতি ফ্যাশন, খাওয়া দাওয়া; দর্শকদের জন্য সবকিছুই থাকছে অনুষ্ঠানে।’প্রসঙ্গত, মায়ের ও নিজের প্রয়োজনীয় চিকিত্সার জন্য বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন সুজানা। তাই এখনো ঈদের কাজ শুরু করতে পারেননি। সুজানা বলেন, ‘চিকিত্সার কাজে আমি দেশের বাইরে গিয়েছিলাম, তা সবাই জানেন। অবশ্য ফিরে যে এসেছি সেটি হয়তো এখনো অনেকেই জানেন না।’ তিনি আরও জানান, ‘যাওয়ার আগে কয়েকজন নির্মাতার সঙ্গে আলাপ হয়েছিল। খুব শিগগির সে নাটকগুলোর কাজ শুরু করব।’