ট্রেলার ফাঁসে শাপে বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলগা নোঙর ছবির দৃশ্যে নওশাবা
আলগা নোঙর ছবির দৃশ্যে নওশাবা

প্রস্তুতি শেষ হওয়ার আগেই ফাঁস হয়ে গেছে আলগা নোঙর ছবির অসম্পূর্ণ ট্রেলার। তাতে যেন শাপে বরই হয়েছে পরিচালক ওয়াহিদ তারেকের। ট্রেলার অবমুক্তি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি। কিন্তু বেশ প্রশংসিত হয়েছে তাঁর ফাঁস হওয়া ট্রেলার।
ব্যক্তিগত ল্যাপটপে সংরক্ষিত ছিল আলগা নোঙর সিনেমার ট্রেলারটি। মেরামতের জন্য ল্যাপটপটি দিয়েছিলেন সার্ভিসিং সেন্টারে। ওয়াহিদ তারেকের ধারণা, সেখান থেকেই ট্রেলারটি ফাঁস হয়েছে। তিনি বলেন, ‘আমি লাজুক ও অলস–প্রকৃতির মানুষ। ট্রেলারটা ছাড়ব কি না, তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম। ১৯ সেপ্টেম্বর ভাস্কর আবেদিন সেটি ফেসবুকে শেয়ার করেছেন। আমি তো অবাক, দেখলাম ১২ সেপ্টেম্বর সেটি ইউটিউবে আপলোড করেছে কেউ। সবাই প্রশংসাও করছেন। তবে সেটা পূর্ণাঙ্গ নয়। স্পনসরদের দেখানোর জন্য বানিয়েছিলাম।’ ওয়াহিদ তারেক বলেন, ছবিটি মুক্তি দেওয়ার জন্য আরও সময় নিতে চেয়েছিলেন। কিন্তু সবাই যখন জেনেই গেছেন, চেষ্টা থাকবে শিগগিরই অবমুক্ত করার।
এটিই হবে ওয়াহিদ তারেক পরিচালিত প্রথম সিনেমা। তিনি বলেন, ‘তিন মাস অমানবিক পরিশ্রম করেছি আমরা। গত বছর কর্ণফুলীর পাড়ের একটি বাসায় গাদাগাদি করে থাকতে হয়েছে ছবির সবাইকে।’ পরিচালকেরই গল্পে আলগা নোঙর ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ মুহাম্মদ সাদ। এতে অভিনয় করেছেন নওশাবা, ইলোরা গহর, ইমতিয়াজ বর্ষণ, ফাইজুর মিল্টন, সুমন আনোয়ার, সুজাত শিমুল ও নূর-এ-আকবর চৌধুরী।