ঠাঁই নাই ঠাঁই নাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনায়তন ভরে গেছে, বাইরে প্রজেক্টরের দিকে তখন শত শত চোখ। ছবি: তালহা বিন আলী
মিলনায়তন ভরে গেছে, বাইরে প্রজেক্টরের দিকে তখন শত শত চোখ। ছবি: তালহা বিন আলী

রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা হবে ছায়ানটে। নৃত্যনাট্যটি আগেও হয়েছে। কিন্তু শর্মিলা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু যোগ করেছেন তাতে, সেটাই আগ্রহ জাগালো। ২৪ জানুয়ারি সময়মতো ছায়ানট সংস্কৃতি-ভবনে গিয়ে তো চক্ষু চড়কগাছ! মানুষ আর মানুষ! এত মানুষ এসেছে চিত্রাঙ্গদা দেখতে! মানুষের সারি ছায়ানটের দরজা ছাড়িয়ে রাস্তায় গিয়ে পড়েছে!
কিন্তু এত মানুষকে জায়গা দেওয়া যাবে কী করে! ‘ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে’ ভবন! মিলনায়তন ভরে যাওয়ার পর উপচে পড়া ভিড় এবার এদিক-ওদিক ছোটে। তাৎক্ষণিক সিদ্ধান্তে দোতলায় টানানো হয় পর্দা। প্রজেক্টরে দেখে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ পেয়ে কিছু মানুষ বর্তে যায়। আর মানুষেরা! তাদের কাছেও পৌঁছে যায় সংবাদ, তিনতলায় লাগানো হচ্ছে আরেকটি প্রজেক্টর। মুহূর্তে পূর্ণ হয়ে যায় তৃতীয় তলা।
সময়মতোই ‘মণিপুররাজ-দুহিতা’ মঞ্চে এসে হাজির হন। সংগীতের মূর্ছনায় বিবশ হয় দর্শক-শ্রোতার মন। তিনতলায় যারা প্রজেক্টরের অপেক্ষায় রয়েছে, তারা শুধু সংগীতেই তৃষ্ণা মেটায়। কেউ কেউ দোতলার সিঁড়িতে দাঁড়িয়ে উঁকিঝুঁকিতে প্রসারিত করে চোখ। একটা সময় তৃতীয় তলায় প্র্রজেক্টর লাগতেই সবার মনোবাঞ্ছা পূর্ণ হয়। এ এক অন্য অভিজ্ঞতা। কুরূপা চিত্রাঙ্গদার সুরূপায় পরিণত হওয়ার দৃশ্যটা চোখে লেগে থাকে। গানগুলো থেকে কান সরতে চায় না। চোখ আটকে থাকে নৃত্যরত শিল্পীদের দিকে। রবীন্দ্রনাথ যেন দখল করে নেন উপস্থিত সবাইকে।
ভাবি, কী এমন ঘটল যে শুক্রবারের দিনটিকে ছায়ানট সংস্কৃতি-ভবন অনবদ্য করে দিল? রাজনৈতিক অস্থিরতার পর একটু দম ফেলার ফুরসত পাওয়া গেল বলেই কি এই ছুটে আসা? নাকি চিত্রাঙ্গদার অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার এই সুযোগকে কাজে লাগানোর মানুষ বাড়ছে আরও?
নৃত্যনাট্য শেষ হয়। সবাই নেমে আসতে থাকে সিঁড়ি বেয়ে। একেবারে নিচে একটি ছড়ি হাতে বসে আছেন সন্জীদা খাতুন। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলতে অনুরোধ করে বন্ধুদের। সন্জীদা খাতুন বলেন, ‘শুরু থেকেই ছিলে?’
বললাম, ‘হ্যাঁ। এ তো অবিশ্বাস্য ভিড়!’
তিনি হাসেন। বলেন, ‘হ্যাঁ। আসলেই।’

২.
শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবারের চিত্রাঙ্গদায় অনেক নতুন উপাদান যোগ করেছেন। তিনি একাধারে নৃত্য পরিচালনা, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় ছিলেন। শিল্পীদের পোশাকে ছিল শুভ্রতা। গয়না ছিল ফুলের। কুরূপা আর সুরূপা চিত্রাঙ্গদায় বাহ্যিক বৈসাদৃশ্য এনেছেন কম, কিন্তু দেহভাষায় একই মানুষের দুই রূপ ফুটিয়েছেন অনবদ্যভাবে। বহুবার দেখেছি নৃত্যনাট্যটি। তবে কুরূপা থেকে সুরূপায় পরিবর্তিত হওয়ার সময় মদন ও দুইরূপে চিত্রাঙ্গদাকে এবারই প্রথম দেখলাম। আয়নায় প্রতিফলিত চিত্রাঙ্গদাদ্বয়ের উপস্থাপনে অভিনবত্ব আছে। লাইভ গানের সঙ্গে মিলিয়ে নাচ—গোটা প্রযোজনাকেই দিয়েছে অন্য রকম স্বতঃস্ফূর্ততা। বোঝা যায়, শর্মিলা বন্দ্যোপাধ্যায় প্রযোজনাটি মঞ্চে আনার আগে অসম্ভব নান্দনিক পরিশ্রম করেছেন। আর শেষ দৃশ্যটি? মোটেই ফ্রিজ হয়ে গেলেন না শিল্পীরা, যা দেখে অভ্যস্ত এই চোখ। বরং গাঢ় অন্ধকারে চলতেই থাকে মন্দিরা আর ঘুঙুরের শব্দ। প্রসঙ্গটি যে চলমান, শেষ হওয়ার নয়, তা অনুরণন তোলে মনে।