ঠাকুরগাঁওয়ে ‘এখনো ক্রীতদাস’
পৃথিবী থেকে ক্রীতদাস প্রথা চলে গেছে কয়েক যুগ আগে। ক্রীতদাসেরা এখন সাহিত্যের পাতায় ও চলচ্চিত্রের পর্দায় বন্দী হয়ে আছে।এখনো ক্রীতদাস নাটকের কাহিনি এক বস্তি এলাকা নিয়ে। স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সেই বস্তিতে বাস করেন মুক্তিযুদ্ধে আহত এক পঙ্গু মুক্তিযোদ্ধা বাক্কা মিয়া। আর বস্তিটি নিয়ন্ত্রণ করে নারী পাচারকারী কাজী আবদুল মালেক। সে-ই মূলত বস্তির বাসিন্দাদের ক্রীতদাস করে রেখেছে।নাটকে দেখানো হয়েছে, এ দেশের মানুষকে ইংরেজরা ১০০ বছর, পাকিস্তান ২৪ বছর ক্রীতদাস করে রেখেছিল। পরবর্তী সময়ে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। কিন্তু তবু বাক্কা মিয়ার মতো অনেকেই এখনো এ দেশে ক্রীতদাস হয়ে আছে।সম্প্রতি ঠাকুরগাঁও শহরের পৌর মিলনায়তনে ঠাকুরগাঁও শাপলা নাট্যগোষ্ঠী আবদুল্লাহ আল-মামুন রচিত ও রূপকুমার গুহঠাকুরতা নির্দেশিত এখনো ক্রীতদাস নাটকটি মঞ্চস্থ করে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রূপকুমার গুহঠাকুরতা, ফজলে এলাহী মুকুট, আদিবাহ, সেলিনা, শহিদুল ইসলাম, ওয়ালিউর রহমান, জাহাঙ্গীর আলম, শামীম হোসেন প্রমুখ।২৭ ডিসেম্বর ১৯৭৪ সালে ঠাকুরগাঁও শাপলা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা। দলটি ১৯৮৮ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যপদ লাভ করে। ২০০৪ সালে শাপলা তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলার নাট্যদলের অংশগ্রহণে ১০ দিনব্যাপী নাট্যোত্সবের সফল আয়োজনসহ প্রখ্যাত নাট্যব্যক্তিত্বদের নাট্য সম্মাননা প্রদান করে।