ঠাকুরঘরে কে রে...
ক্যানসারে আক্রান্ত মুক্তিযোদ্ধা, নাট্যজন নাজমুল হকের চিকিৎসা-সাহায্যার্থে নাটক মঞ্চায়ন করে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল নাটকের দল ‘নাটুকে’। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার আয়োজিত অনুষ্ঠানে নাট্যজন নাজমুল হককে সংবর্ধনা দেওয়া হয়।নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সবিহ উল আলম, নাট্যজন মুক্তিযোদ্ধা ম. হামিদ প্রমুখ। আল-নোমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আলোচনা ও সংবর্ধনা শেষে মঞ্চস্থ হয় নাটক ঠাকুর ঘরে কে রে...! মার্ক ক্যামোলতি রচিত ডোন্ট ড্রেস ফর ডিনার-এর বাংলায় অনূদিত ঠাকুর ঘরে কে রে...! নাটকের অনুবাদ, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন আল-নোমান। নাটকের কেন্দ্রীয় চরিত্র সামুয়েল পরিকল্পনা করে সপ্তাহের ছুটিতে স্ত্রী জ্যাকলিনকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে প্রেমিকা মডেল-অভিনেত্রী সুজেনের জন্মদিন উদ্যাপন করবে। সে জন্য সে একজন বাবুর্চি ভাড়া করে এবং এক বন্ধু ও তার স্ত্রী জ্যাকলিনের পুরোনো প্রেমিক প্যাট্রিককেও আমন্ত্রণ করে। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন সামুয়েলের এ পরিকল্পনা জেনে যায় জ্যাকলিন। গ্যাঁড়াকলে পড়ে যায় সামুয়েল। এভাবে মজার সব ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ঠাকুর ঘরে কে রে...! নাটকে অভিনয় করেছেন শম্পা, মিথুন, তিপা, জান্নাত ও মাহবুব।