ঠিকঠাক জয়

‘আমি ঠিক এভাবেই ছুঁতে চাই/ ছুঁতে চাই তোমার এলোমেলো শাড়ির আঁচল’। রাস্তার পাশের দোকানে গানটা বাজছিল। গানপাগল একজন পাশে থাকা বন্ধুকে জিজ্ঞাসা করেন। এটি কার গান? এত ভালো গাইছে কে? বন্ধুটি জানালেন, জয় শাহরিয়ারের ঠিক এভাবেই অ্যালবামের গান। সেই ভক্ত পরে নিজেই শিল্পীর সঙ্গে দেখা করে ধন্যবাদ দেন। কারণ গানটি শোনার পর নাকি তাঁর মন ভালো হয়েছে।
এ রকম অনেক গল্প আছে ভক্তদের। জয় শাহরিয়ারের তৃতীয় এই অ্যালবাম প্রকাশিত হয় গত বছর। অনেক সাড়া পেয়েছেন তা ভক্তের গল্প থেকে বোঝা যায়। কেন পাবেন না? এই অ্যালবাম তো শুধু গানের অ্যালবাম নয়। এতে আছে এই শহরের গল্প। তরুণদের গল্প। গান শুনতে শুনতে মনে হবে, এ যেন আপনারই কথা।
‘প্রায় তিন বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করলাম। আমি সময়কে ধরতে চেয়েছি। নতুন কিছু দিতে চেয়েছি এখানে। ছয়টি গান আছে। গানগুলো এই শহরের এক ছেলের গল্প। তার পাওয়া, না পাওয়া, মনের ভেতরের অব্যক্ত কথা সব আছে। আমাদের দেশে থিমভিত্তিক অ্যালবাম কম হয়। সেই চ্যালেঞ্জ নিয়েছি। সবার সাড়া পেয়ে মনে হচ্ছে আমি সফল।’ বললেন জয়।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস থেকে গান প্রকাশের অভিজ্ঞতা অন্যরকম। সেটিও জানা গেল জয়ের কাছ থেকে। এ প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত ২৪টি অ্যালবাম বাজারে এসেছে। সংগীতশিল্পীদের স্বত্ব প্রদান ও পরিবেশনার কাজ করেন তাঁরা।
আজব রেকর্ডসের সঙ্গে কলকাতার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ক্যালেই ডোস্কেপের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, আজব রেকর্ডের গান তাঁরা কলকাতার মোবাইল ফোনভিত্তিক প্ল্যাটফর্মে ব্যবহার করে ওদের বাজারে দেবে। আর আজব রেকর্ডস ওদের কাজ এ দেশের বাজারে দেবে।
জয় শাহরিয়ার বলেন, ‘এমনিতেই কলকাতার শিল্পীদের গান আমাদের এখানে সবাই শোনে। আমাদেরটাও ওরা শোনে। কিন্তু চুক্তির মাধ্যমে হলে বিষয়টি বৈধ হবে। ফেব্রুয়ারি মাসে কলকাতায় আমরা এই চুক্তি করেছি।’
জয় শাহরিয়ার মনে করেন, বিশ্বসংগীতের বাজারের সঙ্গে চলতে হলে নিজেদের ভাবনা-চিন্তায়ও পরিবর্তন আনতে হবে। অডিও সিডি বিক্রি হচ্ছে না, অডিও বাজার ধ্বংস হয়ে যাচ্ছে—এ ধরনের হাপিত্যেশ না করে কী করলে গান মানুষের কাছে পৌঁছাবে, আয় হবে, তা ভাবতে হবে। তিনি বলেন, ‘একটা সময়ে রেকর্ড ছিল, এরপর ক্যাসেট, এখন সিডি। এটা সত্যি, বেশির ভাগ মানুষ অনলাইনে গান শোনে। তাই যাতে সেখান থেকে আয় হয়, ওই পদ্ধতি বের করতে হবে। বাংলাদেশে এখনো পুরোপুরি সেই পরিবেশ তৈরি হয়নি যে প্রিয় শিল্পীর গান টাকা দিয়ে কিনে শুনবে। কিন্তু প্রবাসীরা এটা করে। এখন আইটিউনস, আমাজনে বাংলাদেশি শিল্পীদের গান পাওয়া যায়। ভেরিফাইড ইউটিউব চ্যানেলে পাওয়া যায়।’
জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেল থেকে তাঁর গান শুনতে পারবেন। চাইলে অ্যান্ড্রয়েড ফোনে জয় শাহরিয়ার অ্যাপস ডাউনলোড করলেও তাঁর গান শুনতে পারবেন। জয় শাহরিয়ারের এখন ব্যস্ততা তাঁর আর সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের যৌথ প্রয়াস ‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট’-এর দ্বিতীয় অ্যালবাম ‘তা না না না’ নিয়ে। সাতটি লোকগান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।