ঠেলাগাড়িতে মধুচন্দ্রিমা!
বুড়ো বয়সে তরুণী বউ শশীকে নিয়ে ঠেলাগাড়িতে মধুচন্দ্রিমা উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান। আর এ জন্য চমত্কারভাবে সাজানো হয়েছে একটি ঠেলাগাড়ি। ফুল দিয়ে সাজানো ঠেলাগাড়িটি দেখে মনে হবে যেন সাজানো একটি বাসর মঞ্চ। লাল শাড়িতে নববধূ শশী, আর সাদা পাঞ্জাবি পরা বর এটিএম শামসুজ্জামান। এটিই হচ্ছে ‘হানিমুন ঠেলাগাড়ি’ নাটকের গল্প। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালক সূত্রে জানা গেছে, ৭ পর্বে নির্মিত এ নাটকটি আগামী ঈদের জন্য নির্মিত হয়েছে। পরিচালক আরও জানান, নাটকে দেখা যাবে এটিএম শামসুজ্জামানের ঠেলাগাড়িটি শহরের কোলাহল ভরা রাজপথ পার হয়ে আশ্রয় নেবে একটি পার্কে। তাদের সফরসঙ্গী দুজন ঠেলাগাড়িচালক ও একজন দেহরক্ষী। আর পার্কে আসার পরই শুরু হয় নানা নাটকীয়তা। শিমুল সরকারের পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটকে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, কচি খন্দকার, এজাজ প্রমুখ।