ডক্টর স্ট্রেঞ্জের 'স্ট্রেঞ্জ' সাফল্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডক্টর স্ট্রেঞ্জ ছবির দৃশ্য
ডক্টর স্ট্রেঞ্জ ছবির দৃশ্য

প্রথম সপ্তাহেই মারভেলের ছবি ডক্টর স্ট্রেঞ্জ যুক্তরাষ্ট্রেরবক্স অফিসে সাড়ে আট কোটি ডলারেরও বেশি আয় করেছে। নয় অঙ্কের যুগে এ সাফল্য কম মনে হতে পারে, কিন্তু এই নভেম্বরে মুক্তি পাওয়া ছবির জন্য এ সাফল্য বেশ বড়ই। মার্কিনরা এখন ব্যস্ত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে, সিনেমা দেখা এখন অগ্রাধিকারের তালিকায় নেই। তাঁদের এবারের নির্বাচনই তো সিনেমাটিক উপাদানে ভরপুর!

তার ওপর এটি চিরাচরিত সুপারহিরো ছবিও নয়। মারভেলের এই কমিক বই সিরিজ তাদের অন্য সুপারহিরোদের মতো সুপরিচিত নয়। সে হিসেবে ডক্টর স্ট্রেঞ্জ শুধুবক্স অফিসের প্রত্যাশা বেশ ভালোভাবেই মিটিয়েছে। সিনেমা রেটিংয়ের সাইট রোটেন টমেটোসে দেখা যাচ্ছে, শীর্ষ চলচ্চিত্র সমালোচকদের মধ্যে ৮৭ ভাগ এ ছবি পছন্দ করেছেন।

এই সাফল্যের অনেকটা কৃতিত্ব বেনেডিক্ট কাম্বারব্যাচকে দেওয়া যেতেই পারে। শার্লক হোমস চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া এ অভিনেতাই এই ছবির ডক্টর স্ট্রেঞ্জ। তাঁর অভিনয় সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। খল অভিনেতার চরিত্রে শিওটেল এজিওফরও দারুণ অভিনয় করেছেন। বলা হচ্ছে, থর ছবির লোকির (টম হিডলস্টোন অভিনয় করেছিলেন এ চরিত্রে) পর আর কোনো ভিলেন এমন করে দর্শক ও সমালোচক হৃদয় জয় করতে পারেননি।

এই ছবির সাফল্য আরও প্রমাণ করছে হলিউডে ভিন্নধর্মী সুপারহিরোর ছবির কদর বাড়ছে। ব্যাটম্যান, সুপারম্যান, আয়রনম্যান-এর মতো ভরপুর অ্যাকশন ও অতিমানবিক সুপারহিরোদের দর্শকেরা আর পছন্দ করছেন না। ডক্টর স্ট্রেঞ্জ-এ অস্ত্রের ঝনঝনানি নেই, অন্য মারভেল ছবির মতো শেষ দৃশ্যে নায়ক-খলনায়কের মারামারিতে একটি গোটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয় না। ছবিতে পৃথিবীর অন্য দিক উন্মোচিত হয় দর্শকের সামনে।

২০১৫ সালে অ্যান্ট-ম্যান নামের আরেকটি ভিন্নধর্মী হলিউড ছবিও বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ডক্টর স্ট্রেঞ্জ-এর সাফল্য তাকে ছাড়িয়ে গেছে। আশা করা হচ্ছে, অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ আরও ভালো ব্যবসা করবে। এরই মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ-এর সিক্যুয়েল ছবি নির্মাণের কথা ভাবা শুরু করেছেন নির্মাতা স্কট ডেরিকসন। বলা যেতে পারে, এমন ছবির সাফল্যকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন হলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।

প্রণব ভৌমিক

এবিসি নিউজ, সিনেমাব্লেন্ড, অয়ারড, দ্য ভার্জ অবলম্বনে।