
কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি মাথায় নিয়েই আগ্রহী কিছু দর্শক টিকিট কেটে ঢুকে পড়েন ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে। পাশাপাশি বসে থাকা মানুষগুলো পরস্পর আলাপচারিতায় মশগুল। ঠিক সাতটায় মিলনায়তনের আলো নিভে গিয়ে মঞ্চের আলো জ্বলল। থামল আলাপচারিতা। শুরু হলো নাটক ডগ, ওম্যান, ম্যান।
২০ মে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে ডগ, ওম্যান, ম্যান নাটকটি প্রথমবারের মতো মঞ্চস্থ হয়। সেদিন থেকে প্রতি সন্ধ্যায় নাটকটি মঞ্চায়ন হতে থাকে একই মিলনায়তনে। মাঝে ২৫ ও ২৬ মে বিরতি দিয়ে গতকাল মঙ্গলবার থেকে আবার মঞ্চায়ন শুরু হয়। ৩১ তারিখ পর্যন্ত ১০টি প্রদর্শনী হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ঋতু সাত্তার।
ডগ, ওম্যান, ম্যান নাটকটি ইয়েল হেদাইয়ার গল্প ‘হাউজব্রকেন’ অবলম্বনে ইংরেজিতে অনুবাদ করেছেন নীল ব্লাকলেদার। যেখানে দুজন মধ্যবয়সী ছেলেমেয়ের মধ্যকার সম্পর্ককে সময়োপযোগী করে তুলে ধরা হয়েছে। নাটক শুরু হয় দুজন দম্পতিকে কেন্দ্র করে। এই যুগলের যেদিন প্রথম দেখা হয়, ঠিক সেদিনই কুকুরটিকে তারা রাস্তা থেকে তুলে আনে। কুকুরটি শুধু একটু থাকার জায়গার নিশ্চয়তা চায় এবং তা পেয়েই সে সন্তুষ্ট থাকে। সুখে থাকে। কুকুরটি ভাবে, তার মনিবেরাও দুজন দুজনকে পেয়ে এবার সারা জীবন সুখে শান্তিতে থাকবে। কিন্তু বাস্তবে তা ঘটে না। কিছুদিনের খুব ভালো থাকার পর তাদের ব্যবহার পাল্টে যায়। ভালোবাসার জায়গা দখল করে অধিকারের দাবি আর বন্ধুত্বের জায়গা দখল করে সন্দেহ এবং নিঃসঙ্গতা। দম্পতির জীবন হয়ে পড়ে জটিল ও কলহপূর্ণ৷
এতে অভিনয় করেছেন নারী চরিত্রে সামিনা লুৎফা, পুরুষ চরিত্রে শাহাদাৎ হোসেন এবং কুকুর চরিত্রে শাহরিয়ার ফেরদৌস।