
বিলবোর্ড শীর্ষ রক অ্যালবামের তালিকায় তৃতীয় স্থানটি দখল করে আছে ডট্রির ব্যাপটাইজড অ্যালবামটি। আমেরিকান এ রক দলটি অল্প কয়েক বছরেই নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছে।
ডট্রি আমেরিকার একটি রক দল। এটি গঠন করেন ক্রিস ডট্রি, যিনি ছিলেন আমেরিকান আইডলের একজন চূড়ান্ত পর্বের প্রতিযোগী। তিনি আমেরিকান আইডলের পঞ্চমবারের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন। এরপর তিনি একটি রক দল গঠন করার সিদ্ধান্ত নেন। ডট্রি নাইনটিন এন্টারটেইনমেন্ট ও আরসিএ রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তিনি এবং রেকর্ড লেবেল যৌথভাবে খুঁজে বের করেন আরও চারজন প্রতিভাবান সদস্যকে। সে চারজন ছিলেন জেরেমি ব্র্যাডি, জোস স্টিলি, জোস পল, জোয়ি বার্নস। তাঁদের সবাই অবশ্য এখন আর নেই। তবে এঁরাই শুরু করেন। এরপর তাঁরা দলটির নাম ডট্রি রাখেন। কেননা ক্রিস ডট্রি তত দিনে বেশ পরিচিতি পেয়ে গিয়েছিলেন। তাঁর নামের জনপ্রিয়তাকে তাঁরা ধরে রাখার একটা পরিকল্পনা করেন।
তাঁদের স্ব-শিরোনামের অ্যালবামটি ২০০৬ সালের নভেম্বর মাসে বের হয়েছিল। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর তালিকার প্রথম স্থানটিতে ছিল। আমেরিকায় সেই অ্যালবামটি চার মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছিল। এটি সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া কোনো দলের প্রথম অ্যালবাম হিসেবে সাউন্ডস্ক্যানের ইতিহাসে নাম লিখিয়েছে। অ্যালবামটিতে চারটি হিট গান ছিল। এরপর থেকে তাঁদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তাঁরা আরও কয়েকটি সফল অ্যালবাম বের করেন। ক্রিস ডট্রির অসাধারণ গায়কিও তাঁদের এই জনপ্রিয়তা এনে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে। তাঁদের প্রতিটি অ্যালবামই বিলবোর্ড শীর্ষ তালিকায় জায়গা করেছে।
ডট্রির যত অ্যালবাম
ডট্রি (২০০৬), লিভ দিস টাউন (২০০৯), ব্রেক দ্য স্পেল (২০১১), ব্যাপটাইজড (২০১৩)।
ডট্রির সদস্যরা হলেন
ক্রিস ডট্রি—লিড ভোকালস, গিটার (২০০৬ বর্তমান), জোস স্টিলি—লিড গিটার (২০০৬ বর্তমান), ব্রায়ান ক্র্যাডক—রিদম গিটার (২০০৭ বর্তমান), জোস পল—বেইজ গিটার (২০০৬-বর্তমান), রবিন ডায়াজ—ড্রামস, পারকাশন (২০১০ বর্তমান), এলডিও ফার্নান্দেজ—কিবোর্ড (২০১১ বর্তমান)।
মনোয়ারুল হক