ডলস হাউসের কেন্দ্রীয় চরিত্রে রিচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেনরিক ইবসেনের বিখ্যাত নাটক ‘এ ডলস হাউস’ অবলম্বনে নির্মিত হচ্ছে এক ঘন্টার নাটক। নাম ‘জয়িতা’। ‘এ ডলস হাউস’ নাটকের কেন্দ্রীয় নোরা চরিত্রে অভিনয় করবেন টিভি অভিনেত্রী রিচি সোলায়মান। তবে নাটকের নামের সঙ্গে মিল রেখে নোরা চরিত্রের রূপান্তর করা হয়েছে জয়িতা নামে। জানা গেছে, ‘জয়িতা’ নাটক নির্মাণের ক্ষেত্রে মূল নাটকের পাশাপাশি কামাল উদ্দীন নীলু ও খায়রুল আলম সবুজের অনুবাদ করা ‘এ ডলস হাউস’ নাটকটি অনুসরণ করা হয়েছে।নাটকটিকে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন, ‘হেনরিক ইবসেনের এ ডলস হাউস’ নাটকটির কথা অনেক শুনেছি। কিন্তু পড়া ছিল না। মা হওয়ার পর আমেরিকা থেকে আসা মাত্রই সাজ্জাদ সুমন আমার সঙ্গে নাটকটির ব্যাপারে কথা বলেন। চিত্রনাট্য হাতে পাওয়ার পর বেশ কয়েকবার ‘এ ডলস হাউস’ নাটকটা পড়ি। এরপর সেভাবেই প্রস্তুতি নিই ‘এ ডলস হাউস অবলম্বনে নির্মিতব্য জয়িতা নাটকটির জন্য। খুবই ভালো লাগছে চমত্কার একটি নাটকের কাজ করতে যাচ্ছি ভেবে।’রিচি আরও জানান, জয়িতা নাটকটি ছাড়াও খুব শিগগিরই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নতুন আরেকটি নাটকের কাজ করব। ১৫ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। নাটকে জয়িতার স্বামী হিসেবে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। এ ছাড়া আরও দুটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন দীপা খন্দকার ও আহমেদ রুবেল।‘জয়িতা’ নাটকটি পরিচালনা করবেন সাজ্জাদ সুমন। স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির জন্য নির্মিত হচ্ছে জয়িতা নাটকটি।