ডাক্তারির পাশাপাশি টুকটাক অভিনয় চলবে
অনেকটা গোপনে কাউকে না জানিয়ে ৮ সেপ্টেম্বর বিয়ে করেন ছোট পর্দার অভিনেত্রী ও লাক্সতারকা বাঁধন। এরপর নেপালে মধুচন্দ্রিমা সেরে দেশে ফেরেন। খবরটা জানাজানি হলেও সত্য প্রকাশে বাঁধন কিছুটা কুণ্ঠিত ছিলেন।এ ব্যাপারে বাঁধন বলেন, ‘শুরুতে দুই পরিবারে একটু সমস্যা ছিল। সেটা এখন অনেকটা কমেছে। আর এটা তো জানানোর মতো কিছু নয়। বিয়েই তো করেছি, খারাপ কিছু তো নয়।’ বিয়ের ব্যাপারে কথা বলার একপর্যায়ে বাঁধন বরের নাম-পরিচয় জানাতে আপত্তি করেন। তবে অনেক কষ্টে বরের ডাক নামটা বেরিয়ে আসে। সনেট নামের ব্যক্তির সঙ্গে বাঁধনের পরিচয়ের সূত্রটা তাঁরই কাজিনের মাধ্যমে। দুজনের বিয়ের ছবি চাইলে সেটা দিতেও তিনি অপারগতা প্রকাশ করে বলেন, তাঁর ছবি দিয়েই যেন খবরটা ছাপানো হয়। সেটা করাও হয়েছিল।গত মঙ্গলবার রাতে বাঁধন ই-মেইলে বিয়ের দুটি ছবি পাঠান। তবে তখনো বরের পুরো নাম জানাতে চাননি।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সনেটের আসল নাম মেজর (অব.) মাশরুর হোসাইন সিদ্দিকী। তিনি বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত। ১৯৮৫ সালে তিনি সেনাবাহিনীর চাকরিতে যোগ দেন।মাশরুরের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তাঁর কোনো সন্তান নেই। কারণ বিবাহের কয়েক বছরের মধ্যেই মাশরুরের বিবাহ-বিচ্ছেদ ঘটে। দুই ভাইয়ের মধ্যে মাশরুর ছোট। বর্তমানে তাঁরা গুলশানের বাসাতেই আছেন। বাঁধনের শ্বশুর-শাশুড়ি কেউ বেঁচে নেই।এ নিয়ে আজ বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে বাঁধন বলেন, ‘আমি এখন চাঁদনী চক মার্কেটে কেনাকাটায় এসেছি।’ বরের নামটা না বলার কারণ হিসেবে তিনি বলেন, ‘আপনি তো জেনেই গেলেন। আমার আর বলার কী আছে? তা ছাড়া আমি আসলে সেনাবাহিনীর এত কিছু বুঝিই না। বিয়ের জন্য ওসব বোঝার তো কিছু নেই। বলতে পারেন সেনাবাহিনীর পদবি না বুঝেই বিয়ে করেছি।’মিডিয়ায় কাজ সম্পর্কে বাঁধন বলেন, ‘আপাতত সংসার নিয়েই চিন্তা-ভাবনা করছি। পাশাপাশি চিকিত্ত্তসা পেশা নিয়েও ব্যস্ত থাকতে চাই।’ খুব শিগগির চেম্বার নিয়ে ডাক্তারি শুরু করবেন বলেও তিনি জানান । টুকটাক হয়তো অভিনয়ও চলবে। উল্লেখ্য, বাঁধনের সঙ্গে সনেটের পরিচয়টা মাত্র তিন মাসের এবং সেটা পারিবারিকভাবেই। সর্ম্পকটা আস্তে আস্তে বাড়তে থাকলে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বাঁধন জাননিয়েছেন, শিগগির বড় করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।