
নেদারল্যান্ডসের শিল্পী ক্যারেল রিখটারের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে গতকাল রোববার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে। ‘ইনভাইটেশন টু দ্য ড্যান্স’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গের্বেন শিয়োর্দ দ্য জং। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও জিম ম্যাককেব, শিল্পী ক্যারেল রিখটার এবং বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের।
প্রদর্শনীতে প্রায় ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামী ৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
ক্যারেল রিখটার ১৯৬৭ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে জন্মগ্রহণ করেন। তিনি রয়েল একাডেমি অব আর্ট অ্যান্ড ডিজাইনে অধ্যয়ন করেন। এই প্রতিষ্ঠান থেকে বিশ্বখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ স্নাতক ডিগ্রি নিয়েছিলেন। দ্য হেগ, আমস্টারডাম, রোম, বার্লিনসহ বিভিন্ন শহরে ক্যারেলের একক প্রদর্শনী হয়েছে। তিনি নেদারল্যান্ডস, ইতালি ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন পুরস্কার লাভ করেন। ক্যারেল তাঁর চিত্রকর্মের
মাধ্যমে বিভিন্ন সামাজিক বক্তব্য তুলে ধরতে চেয়েছেন। তাঁর শিল্পকর্মে উদ্বেগ, একাকিত্ব ও মৃত্যুচিন্তা প্রবল হয়ে দেখা দেয়। এটি এশিয়ায় তাঁর প্রথম প্রদর্শনী।