ডানপিটে মিনার
মিনার কি খুব ডানপিটে? না না, আমি খুবই শান্ত। কাউকে যন্ত্রণা দিই না। তাহলে আপনার নামের সঙ্গে ‘ডানপিটে’ শব্দটা কীভাবে যুক্ত হলো?ওটা তো আমার প্রথম অ্যালবামের নাম, ডানপিটে (আগস্ট, ২০০৮)। তার আগের বছর আমি এসএসসি পাস করেছি। এখনো ভাবতে বেশ অবাক লাগে, ওইটুকুন বয়সে আমার অ্যালবাম বেরিয়েছে! আর ওই অ্যালবামের গানগুলো এখনো শ্রোতারা শুনছেন। একই অ্যালবামের পাঁচটি গান জনপ্রিয় হওয়া চাট্টিখানি কথা!-‘ছাতা’, ‘জানি’, ‘বন্ধু’, ‘দূর’ আর ‘ডানপিটে’। সবাইকে ধন্যবাদ, তারা আমার গান শুনছেন। শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে আমাকে সহযোগিতা করেছেন।ডানপিটে বেরিয়েছে তিন বছর আগে। এরপর?এবার আঁড়ি। আমার দ্বিতীয় একক অ্যালবাম। কদিনের মধ্যেই বের হবে। খুব বেশি হলে দিন দশেক। সব তৈরি।... কথা হচ্ছিল তরুণ কণ্ঠশিল্পী মিনারের সঙ্গে। এবারই প্রথম ঈদে মিনারের নতুন অ্যালবাম আসছে। ঈদে বাবা-মায়ের কাছ থেকে নতুন জামাকাপড় পাওয়ার মতোই দারুণ আনন্দ এখন মিনারের মনে। রোববার সন্ধ্যার পর মুঠোফোনেই আড্ডা হচ্ছিল মিনারের সঙ্গে। জানালেন, বাসায় ফিরছেন তিনি। খুব কাজ না থাকলে রাতে বাইরে থাকেন না। বললেন, ‘বাসায় আম্মু অপেক্ষা করে থাকেন। আমার আব্বু (আজহারুল ইসলাম) নেই। ২০০৬ সালে মারা গেছেন। তাঁকে দেখেই গানের ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছি। আব্বু খুব হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতেন। চমৎকার গলা ছিল আব্বুর।’ডানপিটে অ্যালবামের সবকটি গানের কথা ও সুর করেছেন মিনার নিজেই। আর সংগীত পরিচালনা করেছেন তাহসান। মিনার জানালেন, আঁড়ি অ্যালবামেরও সবকটি গানের কথা-সুর তিনিই করেছেন। ১০টি গানের সংগীত পরিচালনা করেছেন তাহসান আর তিনটি গান পাভেল। এই অ্যালবামের ‘নীল’ গানটি নিয়ে দারুণ আশাবাদী মিনার। বললেন, ‘অ্যালবামে গানটির তিনটি ভার্সন রয়েছে। একই সুর, তবে সংগীতায়োজনটা একটু অন্যভাবে করা হয়েছে।’আঁড়ি অ্যালবামটি আসছে জি সিরিজ থেকে। এবার এল লেখালেখির প্রসঙ্গ। দুটি অ্যালবামের সবকটি গান মিনার নিজেই লিখেছেন। ‘ক্লাস সিক্সে পড়ার সময় আমি প্রথম ছড়া লিখি। ক্লাস টেনে যখন পড়ি, তখন একটা ছোটগল্প লিখেছিলাম। গল্পটি চট্টগ্রামের সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হয়। পাশাপাশি গানও লিখেছি, তাতে সুর দিয়েছি। ডানপিটে অ্যালবামের সবকটি গান তৈরি হয়েছে স্কুলে পড়ার সময়।’গত তিন বছরে গানের পাশাপাশি মিনার কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানের থিম সংয়ের কাজ করেছেন, নাটকের আবহ সংগীত তৈরি করেছেন। এর মধ্যে খুব উল্লেখযোগ্য হলো: রেদওয়ান রনির ধারাবাহিক নাটক এফ এন এফ, ঈদের ধারাবাহিক নাটক এই সময়ে সেইসব মানুষেরা; শাফায়েত মনসুর রানার ঈদের নাটক ক্রিক ক্রিক। এবার নাটক লিখেছেন মিনার। ঈদের জন্য। নাম লগ ইন লগ আউট। মিনারের আরেকটি পরিচয়, মিনার কার্টুন আঁকেন। এই চর্চাটা সেই স্কুল থেকেই। প্রথম আলোর রস আলোতে একসময় নিয়মিত কার্টুন আঁকতেন মিনার। এখন কাজ করছেন উন্মাদ পত্রিকায়। সংগীতশিল্পী মিনারের গান শেখা কবে থেকে? ‘২০০৬ সালে কিবোর্ড শিখতে গিয়েছিলাম। মাত্র তিন দিন ক্লাস করেছি। এরপর থেকে বাসায়ই চর্চা করছি। পিয়ানোটা আমার খুব পছন্দ। কণ্ঠ সাধনা কিংবা সুর তৈরি—সব এই পিয়ানোতেই করছি।’ বললেন মিনার।মিনার এখন কনসার্টে গান করেন, তবে খুব বেছে বেছে।মিনারের সঙ্গে আড্ডা ততক্ষণে প্রায় পৌনে এক ঘণ্টা হয়ে গেছে। সবশেষে এল পড়াশোনার প্রসঙ্গ। মিনার জানালেন, এবার চারুকলা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তাঁর। কারণ গানের পাশাপাশি কার্টুনিস্ট হিসেবেও তাঁর একটা পরিচিতি তৈরি হয়ে গেছে। এই পরিচয়টাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে চান তিনি।