ডানপিটের পর মিনার
২০০৮ সালের মাঝামাঝি। এফএম রেডিওতে শোনা যাচ্ছে তাঁর গান ‘সাদা’। দিনকয়েকের মধ্যে প্রতিটি এফএম রেডিওর অনুষ্ঠানে গানটির অনুরোধ আসতে থাকে। তখনো অ্যালবাম বের হয়নি তাঁর। কিন্তু জনপ্রিয়তা পায় তাঁর গান।সেই শিল্পীর নাম মিনার রহমান। এখন বাজারে তাঁর অ্যালবামটি এসেছে; নাম ডানপিটে। ‘অষ্টম শ্রেণী থেকে কিবোর্ড বাজাতে পারতাম। গান শিখিনি কখনো। কিন্তু নিজেই গান লিখতাম। সুর করতাম। এভাবে প্রায় ২০টির মতো গান হয়ে গেল। হঠাৎ মনে হলো, অ্যালবাম বের করলে কেমন হয়। তখন ১৩টি গান বাছাই করলাম। যোগাযোগ করলাম জি-সিরিজের সঙ্গে। সেখানেই পরিচয় হলো তাহসান ভাইয়ের সঙ্গে। এই মানুষটি হলেন আমার আদর্শ। আমার গানগুলো তাঁর পছন্দ হলো। এভাবেই কাজ শুরু হলো ডানপিটে-র। গানের জগতে ঢুকে পড়লাম। মিনার নিজের কথা বললেন এভাবেই। আরও বলেন, ‘অ্যালবাম প্রকাশ হওয়ার পরও অনেকে আমাকে চিনতেন না। পরে পত্রিকা, টিভি বিশেষ করে ফেসবুকের মাধ্যমে সবাই আমাকে চিনেছেন। এমন জনপ্রিয়তা ভালো লাগে।’ এমন সুখের মধ্যেও মিনারের দুঃখ আছে।‘বন্ধু তোকে মনে পড়ে কলেজ ক্যাম্পাসেসোডিয়াম আড্ডায় আর একপশলা বর্ষায় তোকে কি কখনো ভোলা যায়...’ এ গানটি কি বিশেষ কোনো বন্ধুকে মনে করে লেখা? মুচকি হেসে মিনার জানান, বিশেষ কাউকে নিয়ে নয়। খুব বেশি বন্ধু-বান্ধব নেই আমার। যাঁরা আছেন তাঁরাও এখন আমাকে ভুল বোঝেন। স্কুলের পাঠ শেষ। তখন স্কুলের বন্ধুদের কথা মনে পড়ত। নস্টালজিক হয়ে পড়েছিলাম। তখনই লিখে ফেললাম গানটি। পরের অ্যালবামে এই গানের সিক্যুয়াল থাকবে। প্রতিটি গানের পেছনে ছোট-বড় নানা স্মৃতি রয়েছে। বললেন, ‘একদিন মা খুব বকা দিলেন। বাসা থেকে তিন-চার দিন বের হতে দিলেন না। একা একা সারা দিন বসে থাকতে হতো। সেই একাকিত্ব থেকেই লিখে ফেললাম ‘সাদা রঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি...।’ ডানপিটে অ্যালবামের ‘সাদা’, ‘বন্ধু’, ‘জানি’ গান তিনটি বেশি জনপ্রিয় হয়। এখনো এফএম রেডিওতে এসব গানের জন্য অনুরোধ আসে। ‘সাদা’ রং জনপ্রিয় হলেও মিনারের প্রিয় রং ‘নীল’। মিনারের আরেকটি পরিচয় আছে—কার্টুনিস্ট। ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কার্টুনিস্ট হব। বাড়িতেও সে পরিবেশ ছিল। সবাই আঁকত। স্কুল শেষ করে উন্মাদ পত্রিকায় কাজ করা শুরু করলাম। এ ছাড়া নানা পত্রিকা, ম্যাগাজিনে কাজ করেছি। এখনো করছি। যত কিছুই করি না কেন, কার্টুন এঁকেই যাব।’ পাঁচ বোনের একমাত্র ছোট ভাই হওয়ায় আদরটা একটু বেশিই। সে কারণে পরিবারের সবার পূর্ণ সহযোগিতাও পেয়েছি। স্বভাবে চুপচাপ মিনার গানকে এখন পেশা হিসেবে নিতে চান। তবে নিজের স্বাধীনতা যেন থাকে। শিগগিরই মিনারের আরেকটি একক অ্যালবামের গান শ্রোতারা শুনতে পাবেন। ‘তিন মাসের মধ্যে এটি প্রকাশিত হবে। সবগুলো গানই আমার লেখা ও সুর করা’, বললেন মিনার। ১৩ মার্চ চট্টগ্রামের শিল্পকলা একাডেমীতে শিশুচলচ্চিত্র উত্সব। এ শিশুদের জন্য গান গাইবেন তিনি। বললেন, ‘কনসার্টে গান গাইতে সবচেয়ে ভালো লাগে। অনেক মানুষ সামনে থাকে। এ অনুভূতিটাই অন্য রকম। উত্সবের জন্য শিশুদের নিয়ে পাঁচটি গান লিখেছি ও সুর করেছি। তা-ই গাইব সে অনুষ্ঠানে।’ নিজের মধ্যে সৃজনশীলতার এ ধারা আগামী দিনগুলোতেও ধরে রাখতে চান মিনার।