ডান্স প্লাস-এ বাংলাদেশের হৃদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদি শেখ
হৃদি শেখ

ভারতের স্টার প্লাস চ্যানেলের রিয়েলিটি শো ‘ডান্স প্লাস’। নৃত্যে পারদর্শী যে কেউই নিজের প্রতিভা মেলে ধরতে এই শোতে অংশ নিতে পারেন। এর প্রধান বিচারক কোরিওগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক রেমো ডি’সুজা। জনপ্রিয় ভারতীয় এই নাচের রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন নতুন প্রজন্মের নৃত্যশিল্পী ও অভিনেত্রী বাংলাদেশের হৃদি শেখ।

হৃদি বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ খুশি। সম্প্রতি মুম্বাই থেকে প্রথম আলোর সঙ্গে টেলিফোনে কথা বলেন হৃদি। রাশিয়ায় তাঁর বেড়ে ওঠা হলেও সব জায়গায় তিনি বাংলাদেশের পরিচয় সবার আগে তুলে ধরেন। ডান্স প্লাস-এ তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রুশ নাগরিক।

কীভাবে ডান্স প্লাস-এর সিজন থ্রির অংশ হলেন—জানতে চাইলে উচ্ছ্বসিত কণ্ঠে হৃদি বললেন, ‘বলিউডের নাচ-গানের আমি ভীষণ ভক্ত। আমার ইউটিউব চ্যানেলে বলিউডের অনেক গানের নিজের করা নাচের ভিডিও রয়েছে। এর আগের দুটি সিজনেও আমাকে একক কিংবা দলীয় নাচের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তখন নিজেকে সেভাবে তৈরি করতে পারিনি; কিছুটা সময় নিয়ে তারপরই অংশ নিতে চেয়েছিলাম। রাশিয়া ও ইউক্রেনের কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নেওয়ার সময় থেকেই স্বপ্ন ছিল নাচ নিয়ে অনেক দূরে যাব, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আরও উঁচুতে নিয়ে যাব। ডান্স প্লাস থেকে এবার যখন ডাক পেলাম, তখন সিজন থ্রিতে যেতে রাজি হলাম।’

রাশিয়ায় জন্ম ও পরে বেড়ে ওঠা হৃদি ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে মিডিয়া অঙ্গনে পরিচিতি পান। রাশিয়ায় থাকাকালে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও নানা কর্মসূচিতে বাংলাদেশের পরিচিতি তুলে ধরেন।

হৃদি নাচের পাশাপাশি বর্তমানে অভিনয় আর মডেলিং—দুটি কাজ নিয়েই ব্যস্ত আছেন। এবারের ঈদে চ্যানেল আইয়ের পর্দায় তাঁর অভিনীত আব এ রওয়াঁ এবং ফ্লাশমব নামের দুটি টেলিফিল্ম প্রচারিত হয়েছে।

তা ছাড়া আজ শনিবার থেকেই হৃদি অভিনীত ধারাবাহিক নাটক প্যারিসের চিঠির প্রচার শুরু হচ্ছে চ্যানেল আইয়ে। নাটকটির প্রথম পর্ব আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে। এখন থেকে এটি প্রচারিত হবে প্রতি শনি ও রোববার। ফারুক আহমেদের রচনা ও স্বপন আহমেদের পরিচালনায় এই ধারাবাহিকে হৃদির সঙ্গে দেখা যাবে ইমনকে।