ডাবিং থিয়েটারের প্রাণ যায় যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসিতে চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে এখন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নির্মাতাদের। যদিও এফডিসির প্রশাসন সমস্যাগুলো সমাধানে নানামুখী উদ্যোগ নিচ্ছে, কিন্তু দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা তারা কাটিয়ে উঠতে পারছে না। বিশেষ করে এফডিসির ডাবিং থিয়েটারের প্রাণ যায় যায় অবস্থা। রক অ্যান্ড রোলের দুটি ডাবিং থিয়েটারের মধ্যে একটি নষ্ট হয়ে আছে দীর্ঘদিন ধরে। ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছে এফডিসি কর্তৃপক্ষ, কিন্তু কবে নাগাদ তা ঠিক হবে, কেউ জানে না। একটি ডাবিং থিয়েটার দিয়ে এত দিন নির্মাতারা কাজ করলেও, হঠাৎ করেই দ্বিতীয় যন্ত্রটিও নষ্ট হয়ে যায়। ফলে অনেক নির্মাতাই ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রযোজক তাপসী ঠাকুর জানালেন, তিনি অনেক কষ্টে তাঁর মনের জ্বালা ছবির ডাবিং করার জন্য শাকিব খানের শিডিউল নিয়েছিলেন। কিন্তু ডাবিং থিয়েটারের দ্বিতীয় যন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আর ডাবিং করতে পারেননি। এখন আবার শাকিব কবে শিডিউল দেবেন, তা নিশ্চিত নয়।ডাবিং থিয়েটারে এই সংকটের কারণে ফেঁসে গেছেন অনেক নির্মাতাই। সর্বশেষ খবরে জানা গেছে, বেশ কয়েক দিন ডাবিং থিয়েটার অকেজো থাকার পর আবার সেটি মেরামত করার জোর প্রচেষ্টা চলছে। নাম না প্রকাশ করার শর্তে ডাবিং থিয়েটারের সাউন্ড রেকর্ডিস্টরা বলেছেন, দ্রুত নতুন যন্ত্র প্রতিস্থাপন না করলে ভবিষ্যতে ডাবিং থিয়েটারে আর কোনো কাজ করা যাবে না। এদিকে এফডিসির কারিগরি পরিচালক রানা হামিদ বলেছেন, ‘আমরা যথাসম্ভব দ্রুততার সঙ্গে যন্ত্রটি মেরামত করছি। অন্য যন্ত্রটিও মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’