এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘যোজন যোজন দূর’। এটি লিখেছেন ফরহাদ হোসেন, পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। নাটকে অভিনয় করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। কথা হলো তাঁর সঙ্গে।‘যোজন যোজন দূর’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটির কাজ করেছিলাম যুক্তরাষ্ট্রের ডালাসে। তখন ওখানে প্রচণ্ড গরম ছিল, ১১০ ডিগ্রি ফারেনহাইট! এর মধ্যেই আউটডোরের কাজ করেছি। খুব রুক্ষ জায়গা, কোনো গাছপালা নেই। তবে আমার ভালো লেগেছে। কারণ, টিভি সিরিজ ডালাস যেখানে তৈরি হয়েছিল, আমরা সেখানেই কাজ করেছি। এই ডালাস একদিন বিশ্বের সব দেশের টিভি চ্যানেলগুলোকে সিরিয়াল বানাতে শিখিয়েছিল। বিটিভিও তা দেখে সকাল সন্ধ্যা নামে একটি ধারাবাহিক তৈরি করেছিল। ওই নাটকটি আমার অভিনয়জীবনের উল্লেখযোগ্য ঘটনা।ডালাসে কেমন ঘুরলেন?বেড়ানো তো হয়েছেই। তার চেয়েও বড় কথা, ওখানে আমার পুরোনো এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। ওর নাম মোহাম্মদ জোবায়ের। আমরা একসঙ্গে কয়েকটা দিন কাটিয়েছি। পরে নিউইয়র্ক এসে শুনি ও মারা গেছে। খুব খারাপ লেগেছে। ও এমন সব কথা বলেছিল, এখন ভাবি, জোবায়ের হয়তো বুঝতে পেরেছিল জীবন সীমানার প্রান্ত রেখায় পৌঁছে গেছে সে।আপনি তো ধারাবাহিক নাটক পরিচালনা করছেন?হ্যাঁ। আমার প্রথম ধারাবাহিক ছিল রঙিলা মানুষ। বছর পাঁচেক আগে চ্যানেল আইতে ওটা দেখানো হয়েছিল। এবার তৈরি করছি পারমিতার দিনরাত্রি নামে একটি ধারাবাহিক। এটি ২৬ পর্বে হবে। ১৩ পর্বের কাজ শেষ হয়েছে। আমার নিজেরই লেখা, অভিনয়ও করেছি। আমি এখানে বলতে চেয়েছি, আমরা সবাই এই সমাজের পুতুল মানুষ; কোথাও থেকে কেউ চালাচ্ছে। কেউ কেউ এটা মেনে নেয়। আবার কেউ প্রতিবাদ করে। ইদানীং অন্য রকম কোনো চরিত্রে অভিনয় করা হয়েছে?একটা চরিত্রের কথা বলব, নিপেন দারোগা। নাটকের নাম নিপেন দারোগার দায়ভার। শিবলি কাইয়ুম পরিচালনা করেছেন। এখানে অভিনেতা হিসেবে আমার বাড়তি কিছু করার সুযোগ ছিল। শুটিংয়ে মজার ঘটনা হয়েছিল। ধলেশ্বরীর এক চরে কাজ করছি। আমাকে ঘোড়ার পিঠে চড়তে হবে। কিন্তু ঘোড়াকে দেখে বেশ বুঝতে পেরেছি, ওটা আমার ভার নিতে পারবে না; এতটাই দুর্বল। হলোও তাই। ঘোড়ায় পিঠে চড়ার পর সেটা বসে পড়ল। আর আমি আছড়ে পড়লাম। তেমন কোনো বিপদ হয়নি।