ডাস্টিন হফম্যানকে সম্মাননা দিচ্ছে কেনেডি সেন্টার
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টস বা কেনেডি সেন্টার থেকে সম্মাননা পেতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউডি অভিনেতা জাস্টিন হফম্যান। চলতি বছরের ডিসেম্বরে হফম্যানসহ ব্রিটিশ রক ব্যান্ড লেড জেপলিনের তিন সদস্য—জন পল জোনস, জিমি পেজ ও রবার্ট প্ল্যান্ট, মার্কিন সংগীতশিল্পী বাডি গাই, রুশ ব্যালে নৃত্যশিল্পী নাটালিয়া মাকারোভা এবং মার্কিন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক ডেভিড লেটারম্যানকে সম্মাননা দেবে কেনেডি সেন্টার। পরে তাঁদের হোয়াইট হাউসে সংবর্ধনা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি।এ প্রসঙ্গে কেনেডি সেন্টারের চেয়ারম্যান ডেভিড রুবেনস্টাইন বলেন, ‘অসাধারণ প্রতিভা আর সৃষ্টিশীলতা দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই সাতজন। কাজের স্বীকৃতি দিতে এ বছর তাঁদের সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে কেনেডি সেন্টার।’ এর আগে এই সম্মাননা পেয়েছেন মেরিল স্ট্রিপ, অপরাহ উইনফ্রে, বারবারা স্ট্রেইস্যান্ডের মতো খ্যাতিমান তারকারা।