
স্লিম-ফিট মুঠোফোন, ল্যাপটপ আর নোটপ্যাডের যুগে তরুণীরাও যেন নিজেদের তৈরি করতে মরিয়া। সবাই শুধু ছুটছেন ডায়েটের পেছনে। পাতভর্তি লোভনীয় খাবার দেখলেই অনেকের চোখ জ্বলজ্বল করে ওঠে, কিন্তু ডায়েটের শিকলে বাঁধা হৃদয় তাঁর দিকে হাত বাড়াতে দেয় না। নিজের মনকে তাঁরা প্রবোধ দেয় বারবার। রোগা হওয়াটাই এখন আরাধ্য সবার কাছে। তবে চিত্রপরিচালক দেবালয় ভট্টাচার্য্যের কাছে বিষয়টা বড্ড মজার লাগে। তাঁর ভাষায়, বাঙালি আহারেই তো পরমানন্দ খুঁজে পায়। তাহলে রোগা হওয়ার জন্য কেন কাঠখড় পোড়ান? রোগা হওয়ার দৌড়ঝাঁপ যে কতটা ভয়ংকর হতে পারে, তা দেখানোর জন্যই দেবালয় তৈরি করলেন নিজের প্রথম ছবি রোগা হওয়ার সহজ উপায়। জানালেন, যারা ডায়েট ডায়েট করে জীবনের স্বাদকে বিস্বাদ করে দিচ্ছে, ছবিটি নাকি তাঁদের জন্য!
জুনের শেষে মুক্তি পাবে রোগা হওয়ার সহজ উপায়। দেবালয় ভট্টাচার্য্য যে দারুণ একটা কমেডি ছবি বানিয়েছেন, তা বুঝতে অবশ্য ছবির মুক্তির দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ছবির ট্রেলার আর গানেই দিব্যি বোঝা যায়, দর্শকদের জন্য কতটা বিনোদন অপেক্ষা করছে এই ছবিতে। ‘ঝালে ঝোলে আর অম্বলে, সব রাজি তাঁর যদি অর্ডার মেলে’ গানের কথাগুলো এ রকমই। মোদ্দাকথা, দর্শকদের ডায়েট-বিমুখ করার যাবতীয় উপাদান নিয়ে আসছে রোগা হওয়ার সহজ উপায়।

এত কথার ভিড়ে ছবির মূল পাত্র-পাত্রীদের নিয়ে কিছু বলাই হলো না। ছবিতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে এক শেফের চরিত্রে। এ জন্য পরম বেশ লম্বা সময় হেঁসেলঘরে থেকে শিখেছেন রান্নাবান্নার খুঁটিনাটি। তবে ছবিতে পরমব্রত এক গোবেচারা বাঙালি স্বামী মাত্র, যে কিনা তাঁর সুস্বাস্থ্যের অধিকারী ভোজনরসিক স্ত্রীর ভেতর লাস্যময়ী কোনো তরুণীকে কল্পনা করে। কিন্তু স্ত্রী রাইমা সেন কিছুতেই নিজের বাঙালিপনা থেকে বেরিয়ে নিজেকে ডায়েটে বাঁধতে পারেন না। খুব ইচ্ছা তাঁর রোগা হবেন, কিন্তু খাবারের প্রতি ভালোবাসা তাঁকে কিছুতেই উপোস থাকতে সম্মত করে না।
এই ছবির জন্য লম্বা সময় হোমওয়ার্ক করতে হয়েছে রাইমা সেনকে। কেমন হোমওয়ার্ক? যেমন সারা দিন খাওয়াদাওয়া, ডায়েটের কথা ভুলে যাওয়া আর জিমমুখো তো একেবারেই না হওয়া। কারণ, তাঁকে তো ছবিতে হৃষ্টপুষ্ট দেখাতে হবে, ওজন বাড়াতে হবে। অন্যদিকে, তাঁর ছোট বোন রিয়ার ছিল ঠিক বিপরীত অবস্থা। রাইমা যেখানে খেতে খেতে একেবারে হাঁসফাঁস, সেখানে রিয়া তো একেবারে শুকিয়ে কাঠ! কারণ, তাঁকে ছবিতে রাইমারই ‘রোগা’ সংস্করণ হিসেবে দেখা যাবে। দুজনের একটা চরিত্র, একটাই নাম, একজনই স্বামী! পার্থক্য শুধু স্বাস্থ্যের বেলায়। একজন হৃষ্টপুষ্ট, অন্যজন রোগা। এই হলো ছবির আসল মোড়।
পরিচালক বললেন, পত্রিকায় যেমন বিজ্ঞাপনে ছবি দেওয়া থাকে, ‘রোগা হওয়ার আগে ও পরে’। আমার ছবিটা ঠিক সেই বিজ্ঞাপনের এক্সটেন্ডেড ভার্সন বলতে পারেন!’