ডি-ইল্যুমিনেশনের ‘অনিবার্য’
কৈশোরে মা-বাবার মৃত্যুর পর স্বাধীন বড় হয় চাচার সংসারে। বৈষয়িক কোনো কিছুই স্বাধীনকে কাছে টানে না। সুরের মাঝেই সে খুঁজে পায় তার সত্তার সবটুকু। একসময় তার জীবনে আসে মৌমিতা। দুজনে মিলে সংসার বাঁধে এ শহরে, আর সঙ্গে থাকে গান। জীবনের টানাপোড়েনে মৌমিতা হার মানে। স্বাধীন রয়ে যায় একা। স্বাধীনের বাকি জীবন কাটে গান নিয়ে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও স্বাধীন সমাজ বদলের স্বপ্ন দেখে। এমনই এক গল্প নিয়ে অনিবার্য শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেছে সিম্ফনিক মেটাল ব্যান্ড ডি-ইল্যুমিনেশন।আর কথাগুলো বললেন ডি-ইল্যুমিনেশন ব্যান্ডের অন্যতম সদস্য সাজ্জাদ আরেফিন। সম্প্রতি ডেডলাইন মিউজিক প্রকাশ করেছে অ্যালবামটি।সাজ্জাদ আরও বললেন, ‘এ ধরনের অ্যালবামের ধারা আমাদের দেশে একেবারেই নতুন। কিন্তু পাশ্চাত্যে এর অনেক জনপ্রিয়তা। এখানে গানের কথার সবটা জুড়েই একটি গল্পের বর্ণনা দেওয়া হয়। সব কটি গানের মধ্যে একটা যোগাযোগ থাকে।’সিম্ফনিক মেটালকে মূলধারা হিসেবে ধরে নিয়ে মেটাল, হার্ডরক, ব্যালে রক ধারার গান আছে অ্যালবামে।গত বুধবার রাতে এবিসি রেডিওতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠিত হয়।