ডি নিরোকে নিয়ে অনুপম খেরের স্বল্পদৈর্ঘ্য ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলভার লাইনিংস প্লেবুক’ ছবির সহ-অভিনেতা রবার্ট ডি নিরোকে শ্রদ্ধা জানাতে ‘আই ওয়েন্ট শপিং ফর রবার্ট ডি নিরো’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।গত বছর মুক্তি পাওয়া ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে প্রখ্যাত মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে অভিনয় করেছিলেন অনুপম খের। ছবিটি অস্কার মনোনয়নও পেয়েছে। এবারে ডি নিরোকে উত্সর্গ করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির কাজ হাতে নিয়েছেন অনুপম। ‘আই ওয়েন্ট শপিং ফর রবার্ট ডি নিরো’ পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা।২০০২ সালে বলিউডে মুক্তি পেয়েছিল অনুপম পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ওম জয় জগদীশ’। পরবর্তী সময়ে কয়েকটি ছবি প্রযোজনা করলেও পরিচালকের আসনে আর বসা হয়নি তাঁর। দীর্ঘ বিরতির পর ‘আই ওয়েন্ট শপিং ফর রবার্ট ডি নিরো’র মাধ্যমে আবার চলচ্চিত্র পরিচালনায় ফিরলেন ৫৭ বছর বয়সী এই অভিনয়শিল্পী। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। এ প্রসঙ্গে এক বিবৃতিতে অনুপম জানিয়েছেন, ‘এক বছর ধরেই ছবি পরিচালনার পরিকল্পনা করছিলাম। “সিলভার লাইনিংস প্লেবুক” ছবির কাজ শেষ করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির মূল ভাবনা আমাকে শোনান ইয়ামিনি ক্ষীরসাগর। তাঁর লেখা গল্প আমার খুবই ভালো লাগে। এর পরপরই চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’অনুপম আরও জানিয়েছেন, ক্যামেরার সামনে ও পেছনে যাঁরা কাজ করছেন, তাঁরা সবাই ডি নিরোর ভক্ত। প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরা।২৯ মিনিট দৈর্ঘ্যের ‘আই ওয়েন্ট শপিং ফর রবার্ট ডি নিরো’ চলচ্চিত্রের কাহিনিতে দেখা যাবে, জীবনের গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকালে দুজন নারী নির্দিষ্ট একটি দিনে ডি নিরোর জন্য উপহার কিনতে বাজারে যান। ওই দিনের ঘটনাকে উপজীব্য করে এগিয়ে চলে চলচ্চিত্রটির কাহিনি। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ইয়ামিনি ক্ষীরসাগর ও রিমেল অরোরা। চলচ্চিত্রটি সম্পর্কে অনুপম বলেন, ‘কল্পনা ও বাস্তবতার মিশেলে এর কাহিনি গড়ে উঠেছে। স্বপ্ন পূরণের উদ্দেশে লাখ লাখ মানুষ মুম্বাই শহরে আসেন। তাঁদের জীবনের গল্প ফুটে উঠবে এই চলচ্চিত্রে। অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণের জন্য আমিও মুম্বাইয়ে বসত গেড়েছিলাম। চলচ্চিত্রটি পরিচালনা করতে গিয়ে আমি স্মৃতিকাতর হয়ে পড়েছি। স্মৃতির পাতায় বারবার ভেসে উঠছে মুম্বাই শহরে কাটানো শুরুর দিনগুলোর কথা।’