ডি নিরোর অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড
২০০৬ সালে প্রায় ২১ মিলিয়ন ডলার ব্যয় করে নিউইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন হলিউডের অভিনেতা রবার্ট ডি নিরো। সম্প্রতি সেই অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবশ্য এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।১২তলা অ্যাপার্টমেন্টটির চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তলার মালিক ৬৮ বছর বয়সী ডি নিরো। সেখানে অন্তত ১৫টি ঘর রয়েছে তাঁর মালিকানায়। ৮ জুন শুক্রবার বেলা দুইটায় হঠাত্ করে ভবনটির চতুর্থ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পঞ্চম ও ষষ্ঠ তলায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ঘটনার পরপরই আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্তকাজ শুরু হয়েছে। দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডি নিরোর লন্ড্রির ঘর থেকে এ আগুনের সূত্রপাত। আগুনে পঞ্চম তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পঞ্চম তলাতেই সপরিবারে বাস করেন ডি নিরো। অবশ্য ঘটনার সময় নিরো এবং তাঁর পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকায় ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। ভবনের চতুর্থ ও ষষ্ঠ তলাও আগুন এবং ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘ওই অ্যাপার্টমেন্টের নিচ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাত্ বিস্ফোরণের মতো শব্দ শুনে ওপরে তাকিয়ে দেখি, ভবনটির পঞ্চম তলার জানালা দিয়ে প্রায় ১২ ফুট লম্বা আগুনের শিখা বেরিয়ে আসছে।’ এ ছাড়া ওই ভবনের একজন বাসিন্দা জানিয়েছেন, ‘ভবন থেকে বের হয়ে আসতে আমার খুবই কষ্ট হয়েছে। ঘন ধোঁয়ার কুণ্ডলীতে চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। ছুটে বের হওয়ার সময় ধোঁয়ার কারণে ঠিকমতো শ্বাসও নিতে পারছিলাম না।’