ডি রকস্টার ও দৃক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃক ব্যান্ড
দৃক ব্যান্ড

তরুণেরা তরুণদের জন্য গান করবে, এটাই স্বাভাবিক। ব্যাপারটি মনে রেখেছে দৃক। ২০০৭ সালে ডি-রকস্টার প্রতিযোগিতার ফাইনাল থেকে শ্রোতাদের কাছে পরিচিতি পায় দৃক। সেই থেকে শুরু। দৃক প্রথম অ্যালবাম প্রকাশ করেছে গত বছর। এ উপলক্ষে ২৪ এপ্রিল রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় কনসার্ট।
ব্যান্ডের নামেই দৃকের প্রথম অ্যালবাম দৃক। গানগুলোর শিরোনাম ‘ভ্রান্তির শেষে’, ‘নতুন আলো’, ‘তারুণ্যের মিছিলে’, ‘শ্রেষ্ঠ শহর’, ‘গোলক ধাঁধায়’, ‘টর্চার সেল’, ‘প্রতীক্ষার অবসান’ আর ‘একুশবিহীন’। অ্যালবামের সব গানেই রয়েছে তারুণ্যের কথা। ‘একুশবিহীন’ গানে অমর একুশে ফেব্রুয়ারি আর ‘টর্চার সেল’ গানে রয়েছে মুক্তিযুদ্ধের কথা। নিজেদের গান নিয়ে দৃক তৈরি করছে মিউজিক ভিডিও।
এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ অটিস্টিক শিশুদের জন্য ব্যয় করবে দৃক।
দৃকের সদস্যরা হলেন সাইফ (কণ্ঠ), রাতুল (গিটার), রাহি (বেস) এবং উপল (ড্রামস)।
এদিকে দৃকের একটি নতুন গান এ মাসেই শুনতে পাবেন শ্রোতারা। গানটির শিরোনাম ‘আকাশের গান’। একটি মিশ্র ব্যান্ডের অ্যালবামে থাকবে গানটি। অ্যালবামটিতে ঢাকার পাশাপাশি কলকাতার কয়েকটি ব্যান্ডের গানও থাকছে।
দৃকের সদস্য সাইফ জানান, দেশ ও দেশের বাইরের অনেক রক ধারার ব্যান্ড তাদের গান করার অনুপ্রেরণা। তবে আজম খানকে সব সময় স্মরণ করেন তাঁরা। দৃক ব্যান্ডের জন্য অন্যতম অনুপ্রেরণা ছিলেন তিনি এবং তাঁর গান। একটু দ্রুতই নিজেদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করছে দৃক। গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে দৃকের অংশগ্রহণ। শুধু দেশেই নয়, বিশ্বের সামনে নিজেদের গানকে উপস্থাপন করতে চায় দৃক।