ডিএনএ পরীক্ষা করাবেন ফ্রিদা!
কদিন আগের কথা। ফ্রিদা পিন্টো ছুটি কাটাতে গিয়েছিলেন তুরস্কের ইস্তাম্বুল শহরে। সেখানে গিয়েই আক্কেলগুড়ুম তাঁর। কারণটা শুনুন ফ্রিদার কাছ থেকেই, ‘ইস্তাম্বুলে যাওয়ার পর মহিলাদের একটা বড়সড় দল এসে আমাকে বলল, “জানো, তোমার নামের শেষ অংশটা আসলে পর্তুগিজ শব্দ থেকে এসেছে?” তাদের কথাবার্তা শুনে বুঝলাম, আমাকে তারা তাদের স্বজাতি ভাবতে পছন্দ করে!’ কিন্তু ফ্রিদা এই পরিচয়ে বেশ নাখোশ। অনেকেই জানেন, স্লামডগ মিলিয়নিয়ার ছবির এই তারকার জন্ম ভারতের মুম্বাইয়ে। বলিউডের এই তারকাও স্বস্তিবোধ করেন ভারতীয় পরিচয়ে পরিচিত হতে। কিন্তু উটকো সব গুজবের কারণে জনমনে প্রশ্ন, ফ্রিদা কি আসলেই ভারতীয়? এই গুজবের মুখে ছাই দিতে ফ্রিদা নিজেই উদ্যোগী। বললেন, ‘আর দশজনকে নিজের বংশ পরিচয়ের চাক্ষুষ প্রমাণ দেওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করাব আমি! তারপর নিশ্চয়ই আর কোনো উদ্ভট প্রশ্নের উদয় হবে না।’ ওয়েবসাইট।