
হিমশীতল পরিবেশ। জায়গাটাও প্রত্যন্ত, জনমানবহীন। সেখানে বুনো ভালুকের আচমকা আক্রমণ। মারাত্মক আহত হলেন কিংবদন্তি অভিযাত্রী হিউ গ্লাস। মৃত ভেবে তাঁকে সেখানেই ফেলে রেখে যান দলের সদস্যরা। যন্ত্রণাদায়ক মৃত্যুই অবধারিত ছিল তাঁর জন্য। কিন্তু তিনি হাল ছাড়তে একেবারেই নারাজ। শুরু হয় অভাবনীয় দুর্দশার মধ্যেও তাঁর বেঁচে থাকার অদম্য চেষ্টা। সহচর জন ফিটজেরাল্ডের বিশ্বাসঘাতকতার শোধ নেওয়ার সংকল্পও তাঁকে শক্তি জোগায়। তিনি অবশ্যই ফিরে যাবেন সভ্য জগতে, প্রিয়জনদের কাছে।
এ গল্প রেভন্যান্ট ছবির। বাস্তব ঘটনা অবলম্বনেই নির্মিত। হিউ গ্লাসের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়, ১৮৭০ সালে। ছাইরঙা বিশাল ভালুকের থাবায় মুমূর্ষু হয়ে বরফে পড়ে থাকার পরও যেভাবে তিনি বেঁচে ফিরে এসেছিলেন, সেই বিবরণ অবিশ্বাস্য শোনায়। নিঃসঙ্গ গ্লাস নিজের ভাঙা পা সারিয়ে তোলার চেষ্টা শুরু করেন। তারপর বরফাচ্ছাদিত পথে হামাগুড়ি দিয়েই শুরু করেন প্রত্যাবর্তনের যাত্রা। পিঠের ক্ষত এতটাই গভীর ছিল যে তাঁর পাঁজরের হাড় বেরিয়ে গিয়েছিল। তিনি চাইছিলেন, সেই ক্ষতের মাংস পোকামাকড় খেয়ে নিক, তাতে বাকি শরীরে পচন ঠেকানো যাবে। ওই অবস্থায় ছয় সপ্তাহে ২০০ মাইল পথ পেরিয়ে অবশেষে পৌঁছাতে সমর্থ হন মানুষের কাছে।

যুক্তরাষ্ট্রে বড়দিনে সীমিত পরিসরে দেখানো হয় রেভন্যান্ট ছবিটি। তবে কাল ৮ জানুয়ারি মুক্তি পাচ্ছে পুরোদমে। ছবিতে হিউ গ্লাসের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে এখানে তিনি মোটেও টাইটানিক ছবির সেই কোমল ও রোমান্টিক জ্যাক ডসান নন, বরং সম্পূর্ণ বিপরীত এক মানুষ। রেভন্যান্ট ছবিতে কাজ করতে গিয়ে তাঁকে শিখতে হয়েছে কাঁচা মাংস খাওয়া, পশুর চামড়া মুড়ি দিয়ে ঘুমানো এবং বরফ-শীতল নদীতে ঝাঁপ দেওয়ার মতো কষ্টসাধ্য বিষয়। সত্যিকারের হিউ গ্লাসের কষ্ট-দুর্ভোগের অন্তত অর্ধেক সহ্য করেছেন—এমনটা তাঁর অভিনয়ে প্রমাণিত হলেই আরেকবার অস্কার মনোনয়ন পেতে তাঁকে বিশেষ বেগ পেতে হবে না।
চরম প্রতিকূল পরিবেশে সহিষ্ণুতার দৃশ্যগুলোকে যথাসম্ভব বাস্তব রূপ দিতে যারপরনাই খেটেছেন ডিক্যাপ্রিও। এখানে তাঁর অভিনয় প্রায় সংলাপবিহীন। আড়াই ঘণ্টার রুদ্ধশ্বাস দৃশ্যায়নে তিনিই মূল চরিত্র। খ্যাতিমান মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতু ছবিটির চিত্রায়ণ করেছেন প্রাকৃতিক আলোয়। ছবির সেট তৈরি করা হয় এমন একটা জায়গায়, যা কিনা মূল কাহিনির সেই ১৮৭০ সালের ফরাসি কানাডার তুন্দ্রার মতো। বরফাচ্ছাদিত অরণ্য আর হিমশীতল পরিবেশে শুটিং করাটাও ছিল ঝুঁকিপূর্ণ নিঃসন্দেহে।
রেভন্যান্ট ছবির মূল বিষয়বস্তু কী? পরিচালকের ভাষ্য, ছবিটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে দর্শকের কাছে। আর তাঁরা নিজের অজান্তেই বলে উঠবেন, ‘বাহ্’।
গল্পটাও প্রায় কিংবদন্তিসম। ডিক্যাপ্রিও দেখিয়ে দিয়েছেন বেঁচে থাকার ইচ্ছাটা মানুষের প্রকৃতিগত। চাইলে যেকোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করা যায়। বার্ডম্যান ছবির জন্য অস্কারজয়ী পরিচালক ইনারিতু বলেন, প্রতিশোধ ব্যাপারটা অনেক সময় অন্তঃসারশূন্য হয়। তবু প্রতিশোধ নিতে গিয়ে মানুষ জীবনের মানে জানা যায়, নতুন করে চেনা যায় নিজেকে।
ডিক্যাপ্রিও সম্ভবত পঞ্চমবার অস্কার মনোনয়ন পেতে চলেছেন রেভন্যান্ট ছবিতে অভিনয়ের জন্য—এমনই আশা তাঁর সহশিল্পী ডমন্যাল গ্লিসনের। এ ছবিতে আরও আছেন টম হার্ডি। তিনি অভিনয় করেছেন এক নিষ্ঠুর ও বিকৃতমস্তিষ্ক ব্যক্তি জন ফিটজেরাল্ডের ভূমিকায়।
মুভি ইনসাইডার, রয়টার্স ও গার্ডিয়ান অবলম্বনে