ডিক্রি জারি, ডিক্রি জারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ঢোলের তালে নাচতে নাচতে সংলাপ বলছে নাটকের চরিত্র নায়েব, ‘ডিক্রি জারি, ডিক্রি জারি, হুকুম তামিল করবে না কে? ভিটেয় তাহার চড়ায় ঘুঘু, চড়ক পাকের ঘূর্ণিপাকে।’ চমৎকার ছন্দোবদ্ধ সংলাপ। তবে নায়েবের এই সংলাপে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে নিরীহ গ্রামবাসী। তার কুমন্ত্রণায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। নিজের স্বার্থসিদ্ধির জন্য নায়েব দাঙ্গা বাধিয়ে দেয় সহজ-সরল মানুষগুলোর মধ্যে।গতকাল বুধবার স্টুডিও থিয়েটার হলে এই দৃশ্যটি ছিল সোজন বাদিয়ার ঘাট নাটকের। পল্লিকবি জসীমউদ্দীনের সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে এই নাটকটি মঞ্চায়ন করেছে পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। নাট্যরূপ দিয়েছিলেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান। নির্দেশনা দিয়েছেন কাজী রফিক। গতকাল ছিল নাটকটির ৭০তম মঞ্চায়ন। সোজন আর দুলির জীবন নিয়ে গড়ে ওঠে নাটকের গল্প। ছোটবেলা থেকেই হাসিখুশি মুসলমান সোজন আর হিন্দু সম্প্রদায়ের দুলির মধ্যে গলায় গলায় ভাব। হঠাৎ কুচক্রী নায়েবের মঞ্চে আগমন। গ্রামের সবার সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সোজন আর দুলির প্রেমকে বিষয় করে বাধিয়ে দেয় সাম্প্রদায়িক দাঙ্গা। রক্তক্ষয়ী এই দাঙ্গার পর একদিন সবাই বুঝতে পারে, আসলে এত যুদ্ধ আর লড়াইয়ে নিজেদেরই ক্ষতি হয়েছে। কিন্তু লাভ হয়েছে একজনের। সে হলো নায়েব। একদিন নদীর পাড়ে পাওয়া যায় নায়েবের গলাকাটা লাশ। কিন্তু সোজন আর দুলি? নাটকের শেষ পরিণতি ছিল বিয়োগান্ত। সোজন আর দুলি বিষপান করে হারিয়ে যায় দৃশ্য থেকে। আর এরই মধ্য দিয়ে শেষ হয় নাটকটি।দর্শক কখনো ঢোলের তালে নায়েবের সংলাপে, কখনো বা যুদ্ধদৃশ্যের লাঠিখেলায় মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে ব্যথিতও হয়েছেন সোজন আর দুলির বিয়োগান্ত পরিণতিতে।মঞ্চকথার রবীন্দ্রস্মরণকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবর্ষে থিয়েটারবিষয়ক সাময়িকী মঞ্চকথা দুই বাংলার নাটক নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ৫ ও ৬ আগস্ট শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় দুই দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট মঞ্চস্থ হবে কলকাতার দল ক্যালকাটা কয়্যারের প্রযোজনায় রবীন্দ্র নৃত্যগীত অবলম্বনে নব রবি কিরণে এবং চতুরঙ্গ উপন্যাসের প্রথম পর্ব অবলম্বনে পথ ও পথিক। ৬ আগস্ট থাকবে গুপী বাঘার কাণ্ড। সেদিন ক্যালকাটা কয়্যার প্রযোজিত এই নাটকের ৫০০তম মঞ্চায়ন হবে।গতকাল শিল্পকলা একাডেমীর সম্মেলনকক্ষে প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যালকাটা কয়্যারের দলপ্রধান কল্যাণ সেন, মঞ্চকথার উপদেষ্টা কাজী রফিক, বাড্ডা জাগরণী সংসদের সহসভাপতি আবু হাসান চৌধুরী এবং মঞ্চকথার সম্পাদক ওয়াহিদুল ইসলাম।নাট্যালয়ের জন্মবার্ষিকীনাট্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি আয়োজন করেছে তিন দিনের নাট্যোৎসব। গতকাল জাতীয় নাট্যশালায় সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করা হয়। প্রথম দিনে মঞ্চস্থ হয় নাট্যালয়ের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। আজ বৃহস্পতিবার প্রদর্শিত হবে শিল্পকলা একাডেমী প্রযোজিত নাটক শপথ এবং আগামীকাল ভারতের শুভম নাট্যচক্রের নাটক অপারেশন ফ্ল্যাশ।