ডিঙ্গাপোতা হাওরে ‘কৃষকের ঈদ আনন্দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি এবার আয়োজন করা হয় নেত্রকোনার মোহনগঞ্জে খুড়শিমুল গ্রামের ডিঙ্গাপোতা হাওরে। ভাটি অঞ্চলের গান, ধান আর মাছকে ঘিরে বছরের অর্ধেক সময় পানির নিচে আর অর্ধেক সময় ডাঙার যে সংস্কৃতি, তা তুলে ধরা হয়েছে এবারের অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের ঈদের অনুষ্ঠানমালার জন্য ‘কৃষকের ঈদ আনন্দ’ গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ। তিনি বলেন, ‘প্রতিবছর গোটা জাতির জন্য হাওরাঞ্চল জোগান দিচ্ছে বিপুল পরিমাণ বোরো ধান, স্বাদু পানির মাছ আর রবিশস্য। অন্যদিকে জারি, সারি, ভাটিয়ালি, বাউল, কিস্সা, গীত, পালা, কীর্তনসহ লোকায়ত শিল্পের এক জীবন্ত জাদুঘর এই হাওর জনপদ। কিন্তু প্রান্তিক মানুষের দুঃখ-কষ্ট, অভাব ইত্যাদির ভেতর দিয়ে অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হাওরের মাছ ও বিভিন্ন প্রজাতির ধান। হাওরের সম্পদ এখন বেশির ভাগ ক্ষেত্রেই প্রভাবশালীদের দখলে। জাল যার জলা তার—এই নীতিও হারিয়ে যাচ্ছে। বঞ্চিত ও শোষিত হাওরবাসী এখন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে সব ক্ষেত্রেই পোহাচ্ছে সীমাহীন দুর্ভোগ। এই চিত্রগুলো এবার উঠে আসবে কৃষকের নানা আনন্দময় খেলাধুলার মধ্য দিয়ে।’