ডিজনির 'প্লেনস' ছবিতে বলিউডের গান

ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘প্লেনস’ ছবিতে ব্যবহৃত হয়েছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘গুরু’ ছবির ‘তেরে বিনা’ গানটি। ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত হলিউডের অ্যানিমেটেড ছবিটির একটি প্রেমের দৃশ্যে জুড়ে দেওয়া হয়েছে এ আর রেহমানের ‘তেরে বিনা’ গানটি।
মনি রত্নম পরিচালিত ‘গুরু’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। ছবির ‘তেরে বিনা’ গানটির সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছিলেন এ আর রেহমান। গানটির অন্য শিল্পীরা হলেন মুর্তজা খান, কাদির খান এবং দক্ষিণী ছবির প্লেব্যাক গায়িকা চিন্ময়ী।
‘প্লেনস’ ছবিতে ব্যবহারের জন্য ‘তেরে বিনা’ গানটি নির্বাচন করেন ছবিটির মিউজিক কো-অর্ডিনেটর ফ্রান্সিস ডেবান। সনি মিউজিক এন্টারটেইনমেন্ট ইন্ডিয়ার অনুমতি নিয়েই গানটি ব্যবহার করা হয়েছে ‘প্লেনস’ ছবিতে। তাজমহলের ওপর দিয়ে বিমান উড়ে যাওয়ার একটি দৃশ্যে গানটি জুড়ে দেওয়া হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘পিটিআই’।
‘প্লেনস’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রের নাম ইষাণী। চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
‘প্লেনস’ ছবিতে কাজ করেছেন ভারতের শতাধিক কলাকুশলী। তাঁরা প্রাণা অ্যানিমেশন স্টুডিওস প্রতিষ্ঠানের কর্মচারী। লস অ্যাঞ্জেলেস ও মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠানটি থ্রিডি অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্টের কাজ করে থাকে। ওয়াল্ট ডিজনি, প্যারামাউন্ট, টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সসহ বলিউডের চলচ্চিত্র-নির্মাতা করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ছবিতে কাজ করেছে প্রাণা অ্যানিমেশন স্টুডিওস।