ডিভিডিতে ‘রানওয়ে’
প্রয়াত তারেক মাসুদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র রানওয়ে। গতকাল শনিবার রাজধানীর একটি স্থানীয় রেস্তোরাঁয় এ ছবির ডিভিডির আনুষ্ঠানিক মোড়ক খোলা হয়। রানওয়ের ডিভিডি প্রকাশ করেছে লেজার ভিশন। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ও রানওয়ে ছবির প্রযোজক ক্যাথরিন মাসুদ ছবিটির মোড়ক খোলেন। ডিভিডির মোড়ক খোলার অনুষ্ঠানে ক্যাথরিন মাসুদ বলেন, ২০১০ সালের ১৬ ডিসেম্বর রানওয়ে ছবির প্রথম প্রদর্শনী হয়। এরপর গত দুই বছর বাংলাদেশের বিভিন্ন শহরে প্রদর্শনী শেষে এ বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় মুক্তি পায়। ২০ সেপ্টেম্বর ব্রিটিশ টেলিভিশন স্টেশন চ্যানেল ফোরে ছবিটি প্রচার করা হবে। এর আগেই ছবিটির ডিভিডি প্রকাশ করা হলো।ক্যাথরিন মাসুদ আরও জানান, ডিভিডিতে পুরো ছবির পাশাপাশি থাকছে পর্দার পেছনের গল্প, বিভিন্ন স্থানে ছবিটির প্রদর্শনীর সময় ধারণ করা অংশ এবং দর্শকদের অনুভূতি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির অভিনয়শিল্পী রাবেয়া আক্তার, ফজলুল হক ও আলী আহসান; লেজার ভিশনের পক্ষে এ কে এম আরিফুর রহমান, মাজহারুল ইসলাম, প্রথম আলোর সহকারী ফিচার সম্পাদক মেহেদী মাসুদ, আলোকচিত্রী মুনিরা মোরশেদ প্রমুখ।