ডিরেক্টরস গিল্ড নির্বাচন নিয়ে ফেসবুকে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিরেক্টরস গিল্ড-এর লোগো।
ডিরেক্টরস গিল্ড-এর লোগো।

দুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের টিভি নাটকের পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর প্রথম নির্বাচন। এতে আটটি পদের জন্য লড়ছেন ৫৩ জন পরিচালক। বিধি অনুযায়ী, কোনো প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না। তবে প্রার্থী বাদে ফেসবুকে বেশ সরব হয়েছেন ভোটার পরিচালকেরা। অনেকে ডিরেক্টরস গিল্ড নিয়ে আগের অভিজ্ঞতার কথা যেমন লিখছেন, তেমনি সমালোচনা করছেন প্রার্থীদের। অনেকে আবার বিরক্তিও প্রকাশ করছেন। যেমন দুদিন আগে নির্মাতা বদরুল আনাম সৌদ ফেসবুকে লিখেছেন, ‘একটি বিনীত অনুরোধ, ডিরেক্টরস গিল্ডের বিভিন্ন পদে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা রাত ১১টার পর ও সকাল ৯টার আগে ভোট চেয়ে টেক্সট করবেন না। বিরক্ত হই খুব। শো সাম কমনসেন্স। প্লিজ। (গতকাল রাত ২টায় ভোট চেয়ে একজন আমাকে টেক্স করেছেন, পাগল নাকি!)। 

গতকাল সাগর জাহান তুলে দিয়েছেন তাঁর সঙ্গে এক প্রার্থীর কথোপকথন। যে প্রার্থী তাঁর কাছে ফোন করে ‘পরিচালক সাগর জাহান ম্যাডামকে’ খুঁজছিলেন। সাগর জাহান অবশ্য ফেসবুকে এটিকে উল্লেখ করেছেন ‘একটি ডিরেক্টরস গিল্প নির্বাচনী কৌতুক’ হিসেবে।
শুধু এ দুজনই নন, এমন অসংখ্য নির্মাতাই তাঁদের সরস মন্তব্য লিখছেন ফেসবুকে। অনেকে লিখছেন, ২০০২ সালে গড়ে তোলা এ সংগঠনের মাধ্যমে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব নিকেশ নিয়ে। অনেকে জানাচ্ছেন আগামী দিনের প্রত্যাশাও।
তবে আশার কথা হলো, এবার তরুণেরা একত্র হয়ে সামনে এগোতে চান। সে লক্ষ্যেই নির্বাচন হচ্ছে এবার। এমনটাই জানালেন অনেক নির্মাতা। তাঁদের প্রত্যাশা কতটা মিটবে, তাই এখন দেখার বিষয়। অবশ্য এরই মধ্যে অনেক প্রার্থী তাঁদের ইশতেহার জানিয়েছেন।
আগামী শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিল্পকলা একাডেমিতে চলবে ভোট গ্রহণ। ৩৮৪ জন পরিচালক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন করবেন পছন্দের প্রার্থী।