ডিরেক্টরস গিল্ড নির্বাচন: পরিচালকদের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালকদের সঙ্গে রসিকতায় মত্ত জাহীদ হাসান
পরিচালকদের সঙ্গে রসিকতায় মত্ত জাহীদ হাসান

শিল্পকলা একাডেমি চত্বরে ঢুকতেই অবাক হলাম। এত মানুষের সমাগম! পরীক্ষণ থিয়েটার হলের নিচ থেকেই পরিচালকদের সারি, যা চলে গেছে শিল্পকলা একাডেমির বাইরে মূল রাস্তার কাছ পর্যন্ত। জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হল ভবনের নিচতলা জুড়ে মানুষ আর মানুষ! 

প্রার্থী, প্রার্থীর সমর্থক ও ভোটারদের পদচারণা পুরো এলাকা জুড়ে। চলছে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। ভিড়ের ভেতরে ছিলেন অনেক অভিনেতা। অনেক দূর থেকে প্রথমে চোখ চলে যায় রওনক হাসানের দিকে, তাঁর উচ্চতার কারণেই হয়তো বা। তিনি বললেন, ‘এই নির্বাচনে এত মানুষের সমাগম হবে, ভারতেই পারিনি। আসলে এতদিন আমাদের এক সঙ্গে মিলিত হওয়ার এ রকম কোনো উপলক্ষ্য ছিল না। এমন একটা নির্বাচন দরকার ছিল। এবার কিছু একটা হবে।’

লাকি ইনাম
লাকি ইনাম


নাট্যশালার নিচে প্রার্থী-সমর্থকদের ছোট ছোট ক্যাম্পে উত্তেজনা। একজন, দুজন করে ভোটার নাট্যশালার আঙিনায় প্রবেশ করলেই তাঁরা তাঁকে ছেঁকে ধরছেন। ক্যাম্প থেকে প্রার্থীদের নাম উল্লেখ করে শ্লোগান চলছে—‘ভোট চাই...ভোট চাই...’ বলে। সবচেয়ে বেশি জটলা দেখা গেল পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের নিচে লিফটের মুখে। সেখান থেকে নির্বাচনের স্বেচ্ছাসেবীরা ভোটারদেরকে ছয় তলার ভোট বুথে যেতে সাহায্য করছিলেন। প্রার্থীদেরও আনাগোনা তাই ওই এলাকা জুড়েই। নতুন কোনো ভোটারের আগমন ঘটলেই প্রার্থীরা পঙ্গপালের মতো তাঁকে ঘিরে ধরছিলেন। কে কার আগে ভোটারের কাছে ‘দোয়া’ চেয়ে কোলাকুলি করতে পারেন, তারই প্রতিযোগিতা চলছে যেন।

আমজাদ হোসেন, আফসানা মিমি, শহিদুজ্জামান সেলিম ও আজিজুল হাকিম
আমজাদ হোসেন, আফসানা মিমি, শহিদুজ্জামান সেলিম ও আজিজুল হাকিম


সভাপতি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেল জাহিদ হাসানকে। কথা বলতে গেলে হাসতে হাসতে বললেন, ‘নির্বাচনের যে চাপ দেখছি, তাতে যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারি।’ এই নির্বাচন মহাযজ্ঞে যেমন এ প্রজন্মের পরিচালকরা এসেছেন, তেমন হাজির হয়েছিলেন জ্যেষ্ঠ তারকা পরিচালকেরাও। নতুন প্রজন্মের পরিচালক হৃদি হক যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন। তাঁর কাছে এই নির্বাচন নিয়ে জানতে চাইলে বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে একটা ভালো কাজ হতে যাচ্ছে। তবে যে ২০ জন নির্বাচিত হবেন, দায়িত্ব শুধু তাঁদেরই নয়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোট দিতে এসেছিলেন সাবেক সভাপতি মুস্তাফা মনোয়ার, আবুল হায়াত, আমজাদ হোসেন, নাসির উদ্দিন ইউসুফ, লাকী ইনাম, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, মোরশেদুল ইসলাম, সালাহউদ্দিন লাভলু, মোস্তফা সরয়ার ফারুকী, আফসানা মিমি প্রমুখ।

শমী কায়সার
শমী কায়সার


ভোট দিয়ে ফেরার পথে কথা হলো শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। তিনি বললেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে কাজের যাত্রা হয়তো শুরু হবে। তবে যাঁরা নির্বাচিত হবেন, ভবিষ্যতে তাঁদের কাজের ওপর সব ভালো-মন্দ নির্ভর করবে।’ মন্তব্য করতে রাজী হলেন না অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ। বললেন, ‘যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের কার্যক্রম আগে দেখি, তারপর মন্তব্য করা যাবে।’
ভোট দিয়ে ছয়তলার বুথ থেকে বের হয়ে শমী কায়সার বললেন, ‘ভোটের মাধ্যমে নির্বাচিত হলে কাজের প্রতি দায়বদ্ধতা তৈরি হয়। কাজে উত্সাহ থাকে। সব থেকে বড় কথা হলো, ডিরেক্টরস গিল্ডের প্রথম নির্বাচন হচ্ছে। সামনে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ এটি।’

আবুল হায়াত ও কাওসার চৌধুরী
আবুল হায়াত ও কাওসার চৌধুরী


ছয়তলার ভোটবুথে গিয়ে দেখা গেল, ছোট ছোট সারিতে ভোটাররা ভোট দিচ্ছেন। এক পাশে বসে আছেন প্রধান নির্বাচন কমিশনার ইনামুল হক, দুই সদস্য খাইরুল আলম সবুজ ও এস এম মহসিন। বেলা তখন প্রায় চারটা। প্রধান নির্বাচন কমিশনার জানালেন, প্রায় আশি ভাগ ভোট প্রয়োগ শেষ হয়েছে। বিকেল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ।

তারিক আনাম ও নিমা রহমান
তারিক আনাম ও নিমা রহমান
সুবর্ণা ও সৌদ
সুবর্ণা ও সৌদ