ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটি
টেলিভিশন নাটকনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড-এর দ্বিতীয় সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল শুক্রবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন টেলিভিশন নাটকনির্মাতারা। সম্মেলনে পরিচালকদের সৃজনশীল নির্মাণভাবনা, চ্যানেলের সঙ্গে সম্পর্কোন্নয়ন, দর্শকদের আরও মানসম্মত নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকের প্রচারের ব্যাপারে নানাবিধ সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।সম্মেলন শেষে পরবর্তী দুই বছরের জন্য ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়। নাসির উদ্দীন ইউসুফকে সভাপতি এবং গাজী রাকায়েতকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সালাউদ্দিন লাভলু, নাহিদ আহমেদ পিয়াল, তাহের শিপন, এজাজ মুন্না, চয়নিকা চৌধুরী, সুমন আনোয়ার, আলভী আহমেদ ও রাজু আলীম।এ ছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন শামীম শাহেদ, হূদি হক, মেহের আফরোজ শাওন, গোলাম সোহরাব দোদুল, ইফতেখার আহমেদ ফাহমি, রিপন নবী, গাজী ফারুক, সাইফ আহমদ, অ্যালবার্ট খান ও হাসিনা আহমেদ সোমা।