ডিলানের দরজায় ঠক ঠক ঠক...

সাহিত্যে নোবেল পাচ্ছেন জানার পর থেকে নিশ্চুপ হয়ে আছেন শিল্পী। ডিলানের দরজায় ঠক ঠক ঠক করে ক্লান্ত নোবেল কমিটি ফিরে গেছে দপ্তরে। এখনো কোনো সাড়া দেননি তিনি। সামান্য সাড়া যা মিলেছে, সে-ও শিল্পীর ঘনিষ্ঠ সহযোগী ব্যক্তিদের কাছ থেকে। শুরুতে তাতেই সন্তুষ্ট ছিল সুইডিশ একাডেমি। একদল বলছে, নীরবতাই তো কবির ভাষা। তবে এবার একটু চিন্তায় পড়ে গেছে তারা।
কদিন আগে একাডেমির স্থায়ী সেক্রেটারি সারা ডেনিয়াস বলেছিলেন, ‘বব ডিলানের সঙ্গে যোগাযোগের চেষ্টা আপাতত বাদ দিয়েছি। তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কাছ থেকে উষ্ণ সাড়া পেয়েছি বটে। ওখানেই শেষ।’ ডেনিয়াসের ধারণা, সময় হলে ডিলান ঠিকই কথা বলবেন।
যে রাতে নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী হিসেবে ডিলানের নাম ঘোষিত হলো, সেদিন লাস ভেগাসে ছিল তাঁর কনসার্ট। পুরস্কার নিয়ে সেখানে টুঁ শব্দটি করেননি তিনি। বরং অন্যরাই বাহবা জানিয়েছেন তাঁকে। প্রথমবারের মতো কোনো নোবেল বিজয়ীর সঙ্গে একই মঞ্চে গাইতে পেরে ভীষণ গর্বিত বোধ করেছেন শিল্পী স্যার ম্যাক জ্যাগার।
প্রতিবছর ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে ওই বছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিলান সেখানে আসবেন কি না, তা নিয়ে চিন্তায় পড়ে গেছে সুইডিশ একাডেমি। তবে ডেনিয়াস জানিয়ে দিয়েছেন, ‘তিনি না এলেও সমস্যা নেই। বিরাট অনুষ্ঠান হবে, সেখানে তাঁকে সম্মানও জানানো হবে।’ দ্য গার্ডিয়ান ও টেলিগ্রাফ