একুশে টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জয়নাল জাদুকর। লিখেছেন ও পরিচালনা করছেন হিমু আকরাম। অভিনয় করছেন সিদ্দিকুর রহমান। কথা হলো তাঁর সঙ্গে। আপনি টিভি নাটকে খুব ব্যস্ত ছিলেন। কিন্তু এখন আপনার নাটকের সংখ্যা একেবারেই কমে গেছে।কারণ, এখন আমি চলচ্চিত্রে অভিনয় করছি। ছবির নাম এই তো ভালোবাসা। পরিচালক শাহীন কবির। আমার সঙ্গে আরও অভিনয় করছেন ইমন, নিরব ও নিপুণ। তিন বন্ধুর গল্প। পুরো একটা মাস ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। তার আগে ছিল প্রস্তুতি নেওয়া। এ কারণেই অনেক দিন নাটকে কাজ করতে পারিনি।চলচ্চিত্রে প্রথম কাজ করছেন। কেমন লাগছে?চমৎকার। চলচ্চিত্রে মেপে মেপে কাজ করা হয়। কিন্তু নাটকে নিজের থেকে অনেক কিছু করার সুযোগ থাকে। সেই অভ্যাস রয়ে গেছে। চলচ্চিত্রেও তা করেছি। তবে কয়েকবার মহড়া করে, সবার মতামত নিয়ে তারপর তা চূড়ান্ত করা হয়েছে।‘জয়নাল জাদুকর’ নাটকে কবে কাজ করলেন?অনেক দিন আগে। জাহিদ হাসান ভাই আর আমাকে একসঙ্গে পাওয়ার জন্য এই ধারাবাহিকের পরিচালক নয় মাস অপেক্ষা করেছেন। নাটকে আমি জয়নাল জাদুকরের (জাহিদ হাসান) সহকারী। শহরের রাস্তায় ঘুরে ঘুরে জাদু দেখাই। এ নাটকে কাজ করতে এসে আমি নিজেও কিছু জাদু শিখেছি। আসলে সেগুলো সবার চোখকে ফাঁকি দেওয়া। এখন আসল জাদু শেখার খুব শখ হচ্ছে। চলচ্চিত্র আর নাটকের কথা তো হলো। আপনার নিজের কথা বলুন।ভালো আছি, আগামী ডিসেম্বর মাসে বিয়ে করছি। কনে আমার আগে থেকেই পরিচিত। এখন স্পেনে আছেন। দুই পরিবারের মধ্যে আলোচনা হয়েছে। সবাই বসে সময়টা চূড়ান্ত করেছেন।