
কেউ দেয়ালে ছবি সাজানোর কাজে ব্যস্ত, কেউ মেঝেতে স্থাপনা শিল্পকর্মের শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিল্পীরা মনোযোগ দিয়েছেন নিরীক্ষার দিকে। কেউ রং নিয়ে, কেউ আবার বিষয় নিয়ে নিরীক্ষা করছেন। বিচিত্র রকমের অনুষঙ্গ নিয়ে শিল্পীদের এই ব্যস্ততা। নিরীক্ষাধর্মী স্থাপনাশিল্প তৈরিতে তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পকলা একাডেমীর চিত্রশালায়। এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে ঢাকায় এসে জড়ো হয়েছেন শিল্পীরা।
‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী’র ১৬তম আসর বসছে আগামী ১ ডিসেম্বর। এটি দেশের সবচেয়ে বড় শিল্পকর্ম প্রদর্শনী। মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্রদর্শনী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এশীয় চারুকলা প্রদর্শনীতে এ পর্যন্ত ৩০টি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া, বাহরাইন, ভুটান, ব্রুনাই, চীন, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ফিলিপাইন, কাতার, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সিরিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে দেশগুলোর মধ্যে। এসব দেশের ১০৪ জন শিল্পীর ২০৪টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে।
মঙ্গলবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, অতিরিক্তি সচিব মাহবুবা মশকুর, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, চারুকলা বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের ৫১৮ জন শিল্পী তাঁদের শিল্পকর্ম জমা দেন। এসব শিল্পকর্ম থেকে যাচাই-বাছাই করে ২০৯ জন শিল্পীর ২২৮টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। বাংলাদেশের শিল্পীদের শিল্পকর্ম নির্বাচনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি শিল্পকর্ম নির্বাচন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, সৈয়দ আবদুল্লাহ খালিদ, মনসুর উল করিম ও ফরিদা জামান। প্রথমবারের মতো এবারের প্রদর্শনীতে ‘পারফরম্যান্স আর্ট’ প্রদর্শিত হবে। এতে ১০ জন শিল্পী অংশগ্রহণ করবেন।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এ অনন্য প্রদর্শনী ১৯৮১ সালে যাত্রা শুরু করে।