ডিসেম্বরে চলচ্চিত্র উৎসব
৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত আট দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশসহ সারা বিশ্বের ৫০টি দেশের বাছাইকৃত ২০০টি চলচ্চিত্র। অনুষঙ্গ হিসেবে থাকবে স্মারক বক্তৃতা, জাতীয় সেমিনার, চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও বিশেষ প্রদর্শনী। থাকবে প্রতিযোগিতা বিভাগের পুরস্কার ও সম্মাননা প্রদান। চলচ্চিত্রভিত্তিক এ বৃহৎ কর্মযজ্ঞে অংশ নেবেন বিশ্বের খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা ও ব্যক্তিত্বরা। এবারের উৎসবের মূল তিনটি কেন্দ্র জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার এবং শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রেও থাকবে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা।
শর্ট ফিল্ম ফোরামের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি চলচ্চিত্রনির্মাতা মানজারে হাসিন মুরাদ, উৎসব পরিষদের চেয়ারম্যান চলচ্চিত্রনির্মাতা ও নাট্যনির্দেশক নাসির উদ্দীন ইউসুফ। বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উৎসব পরিচালক তারেক আহমেদ।
নাসির উদ্দীন ইউসুফ বলেন, দেশের ছবির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পের প্রতি দায়বদ্ধ এ উৎসব। বক্তব্যে ৩০ লাখ টাকা বাজেটে এ উৎসব আয়োজনের তথ্য তুলে ধরেন এই নির্মাতা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ ডিসেম্বর বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১১ ডিসেম্বর একই প্রাঙ্গণে সমাপনী ঘোষণা ও উৎসবে বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করা হবে। এবার দুটি বিভাগে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা হবে। তরুণ নির্মাতাদের অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৫ মিনিট ব্যাপ্তির ছবি তারেক শাহরিয়ার বেস্ট ইনডিপেনডেন্ট শটস শীর্ষক প্রতিযোগিতা। থাকছে এশিয়ান ইনডিপেনডেন্ট সিনেমা, রেট্রোস্পেকটিভ অধিবেশন ও কান্ট্রি ফোকাস বিভাগ। একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে প্রদান করা হবে হীরালাল সেন স্মারক সম্মাননা।