বাংলা গানের ঐতিহ্য নিয়ে অনুষ্ঠান ‘যে গান গৌরবে বহমান’ আজ প্রচারিত হবে এনটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তপন মাহমুদ। নানা কিছু নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।অনেক দিন পর গানের অনুষ্ঠান উপস্থাপনা করছেন?হ্যাঁ, ‘যে গান গৌরবে বহমান’ বাংলা গানের অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠান হয় বিষয়ভিত্তিক। ওই বিষয়ের ওপর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন ও দ্বিজেন্দ্র লাল রায়ের গান থেকে বেছে নেওয়া হয়। পাশাপাশি থাকছে লোকগান ও সমসাময়িক আধুনিক গান। আপনি এর আগে বিটিভিতে একটি অনুষ্ঠান করতেন, ‘আনন্দলোক’।রবীন্দ্রসংগীতের ওপর গবেষণা নিয়ে ছিল অনুষ্ঠানটি। টানা সাত বছর করেছি। একসময় বিটিভি কর্তৃপক্ষের সঙ্গে আর মতের মিল হচ্ছিল না, তাই আমি আর অনুষ্ঠানটি করতে রাজি হইনি।এই দুটি অনুষ্ঠানের মধ্যে কী ধরনের পার্থক্য আছে?বিষয় আর ভাবনার দিক থেকে একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। ‘আনন্দলোক’ অনুষ্ঠানের জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হতো, তাতে আমি নিজে আরও সমৃদ্ধ হয়েছি। ‘যে গান গৌরবে বহমান’ অনুষ্ঠানের চরিত্র অন্য রকম। এখানে সেই চাপ নিতে হয় না। আপনি এখন রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি। সামনে বড় কোনো পরিকল্পনা করছেন?২০১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের শতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে আমরা বছরব্যাপী নানা কর্মসূচি নিচ্ছি। এর শুরুটা হবে এ বছরের ডিসেম্বর মাসে। ২৭ থেকে ২৯ ডিসেম্বর ঢাকায় তিন দিনের ‘রবীন্দ্রমেলা’ করব। ঢাকার পাশাপাশি সারা দেশ থেকে আমরা শিল্পীদের আমন্ত্রণ জানাব। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের খবর কী?বড় কোনো কর্মসূচি নেই। পাক্ষিকভাবে অনুষ্ঠান আয়োজন করছি। এখন তো টিকিট কেটে আর কেউ গান শুনতে চায় না। তার পরও চেষ্টা করছি, সবাই যেন টিকিট কিনে গান শুনতে আসেন।