ডি'ক্যাপ্রিওর শুভদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোেল্ডন গ্লোবে সেরা নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর সঙ্গে সেরা অভিনেতা ডি’ক্যাপ্রিও l ছবি: এএফপি
গোেল্ডন গ্লোবে সেরা নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর সঙ্গে সেরা অভিনেতা ডি’ক্যাপ্রিও l ছবি: এএফপি

রিচার্ড লিংক্লাটারের ছবি বয়হুড-এর কাছে গত বছর হার মেনেছিল ইনারিতুর বার্ডম্যান। পুরো অ্যাওয়ার্ড মৌসুমে বার্ডম্যান-এর জয়জয়কার থাকলেও, ২০১৫ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে মাত্র দুটি বিভাগে পুরস্কার জেতে আলেহান্দ্রো গনসালেজ ইনারিতুর ছবিটি। কিন্তু এবার আর হার নয়। জয় দিয়েই বছর শুরু হলো গতবার সেরা নির্মাতার অস্কারজয়ী ইনারিতুর; তাঁর রেভেন্যান্ট ছবির জন্য। তিনি সেরা নির্মাতা ও রেভেন্যান্ট জিতেছে সেরা ছবির (ড্রামা) এবারের গোল্ডেন গ্লোব। তা ছাড়া এ ছবির জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার জিতে শুরু হলো লিওনার্দোর জয়ের শুভলগ্ন। আসছে অস্কার আসর। তাই এই জয়কে অনেকে লিওনার্দোর দুর্দিন কাটার পূর্বাভাস বলেই মনে করছেন।
‘অস্কারের পূর্বাভাস’ বলা হয়ে থাকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডকে। এ নিয়ে ১১বার মনোনয়ন পেয়ে তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও। লিওর এবারের গ্লোবজয় তাঁর ভক্তদের আলোড়িত করছে আরও একটিবারের মতো। হয়তো এবারের অস্কার আসরে লিওনার্দোর নামের আগে থেকে ঝরে পড়তে পারে ‘দুর্ভাগা’ বিশেষণটি। কারণ, এর আগে যে ছবিগুলোর জন্য লিওনার্দো গোল্ডেন গ্লোবে মনোনয়ন ও পুরস্কার পেয়েছিলেন, সেগুলোই তাঁকে নিয়ে গিয়েছিল অস্কার আসর পর্যন্ত। কিন্তু কোনোবারই বিজয়ী হিসেবে অস্কার মঞ্চে ওঠা র সৌভাগ্য হয়নি তাঁর। ২০০৫ সালে দ্য অ্যাভিয়েটর ও ২০১৪ সালে দ্য উল্ফ অব ওয়াল স্ট্রিট-এর জন্য গ্লোব জেতার পর তো অস্কারজয়ী হিসেবে অনেকটাই এগিয়ে এসেছিল ডি’ক্যাপ্রিওর নাম। কিন্তু দুই দফাতেই অস্কার ফসকে যায় তাঁর। তাই এবার দর্শক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—তবে কি এ দফায় অস্কার আসরে ভাগ্য সুপ্রসন্ন হবে ‘দুর্ভাগা’ লিওনার্দোর?
মনোনয়ন তালিকায় পাঁচটি বিভাগে লড়াইয়ের জন্য নাম আসে টড হেইনস পরিচালিত ও কেট ব্ল্যানচেট অভিনীত ক্যারল ছবির। কিন্তু ছবিটি শেষ নাগাদ জেতেনি একটি গোল্ডেন গ্লোবও। অন্যদিকে চারটি মনোনয়ন থেকে তিনটিতে বিজয়ী রেভেন্যান্ট।
গত রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটনে বসে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৩তম আসর। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এ অ্যাওয়ার্ড সন্ধ্যায় গত বছর হলিউডে আলোড়ন তোলা সব তারকার মেলা বসে। চাপা কৌতূহল ছেয়ে ছিল পুরো বেভারলি হিলটন হোটেলে। কিন্তু সন্ধ্যা রাতের দিকে গড়ানোর আগেই সব কৌতূহলের অবসান ঘটল একে একে। উৎকণ্ঠা, উত্তেজনা, কৌতূহল আর রহস্যের গাঢ় আমেজকে ক্ষণে ক্ষণেই হালকা করেছে অভিনেতা রিকি গারভেইসের মজার উপস্থাপনা।

সেরা অভিনেত্রী (ড্রামা) ব্রি লারসন
সেরা অভিনেত্রী (ড্রামা) ব্রি লারসন

এবার একটু রেভেন্যান্ট ও ডি’ক্যাপ্রিও থেকে বেরিয়ে আসা যাক। ৭৩তম গোল্ডেন গ্লোবসন্ধ্যায় সবার মুখে মুখে ছিল আরও কয়েকটি নাম। এই যেমন ২০১৫ সাল মাত করা হলিউডের দুই ‘জয়’। অর্থাৎ জয় ছবিতে ‘জয় ম্যাংগানো’ নামধারী জেনিফার লরেন্স ও রুম ছবির ‘জয় মা নিউসাম’ চরিত্রে অভিনয় করা ব্রি লারসন। দুই ‘জয়’ই জিতেছেন যথাক্রমে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) ও সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগের পুরস্কার।
পুরস্কার জেতার দিক থেকে রেভেন্যান্ট-এর পরই নাম এসেছে দ্য মার্শিয়ান ও স্টিভ জবস­-এর। দুটি ছবিই জিতেছে দুটি বিভাগে পুরস্কার। দ্য মার্শিয়ান হয়েছে এবারের সেরা ছবি (মিউজিক্যাল/কমেডি) ও এতে অভিনয় করে ম্যাট ডেমন জিতেছেন সেরা অভিনেতার (মিউজিক্যাল/কমেডি) গোল্ডেন গ্লোব।
এবারের গোল্ডেন গ্লোব পুরস্কারে দুই কিংবদন্তি অভিনেতা জিতেছেন পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পদক দুটি। সিলভেস্টার স্ট্যালন জিতেছেন তাঁর অভিনয়জীবনের প্রথম সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি; ক্রিড ছবির জন্য। এর আগে যেসব পুরস্কার তিনি জিতেছেন তার বেশির ভাগই ছিল বিশেষ সম্মাননা কিংবা ‘আইকন’ হিসেবে সম্মাননা। তাই এই জয় নিঃসন্দেহে স্ট্যালন-ভক্তদের জন্য সুখবরই বলা চলে। অন্যদিকে কেট উইন্সলেটের পুরস্কারের আলনাটি আরও একটু ভারী হলো স্টিভ জবস ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য।
গোল্ডেন গ্লোব-এর সংগীত বিভাগে বিজয়ীদের নামেও ছিল চমক। দ্য হেইটফুল এইট­-এর জন্য ‘বেস্ট অরিজিনাল স্কোর’-এর পুরস্কার জেতেন এনিও মোরিকোন। আর স্পেকটর ছবিতে স্যাম স্মিথের ‘রাইটিংস অন দ্য ওয়াল’ জেতে সেরা গানের গোল্ডেন গ্লোব।
শুধু হলিউড বক্স অফিস নয়, পুরস্কার আসরও জিতে নিতে প্রস্তুত অ্যানিমেশন ছবি ইনসাইড আউট। গোল্ডেন গ্লোবে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার জয়ের মধ্য দিয়ে এ আভাসই দিল পিক্সার অ্যানিমেশন স্টুডিওর এ ছবিটি। হাঙ্গেরির ছবি সান অব সউল জিতেছে সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার।
ছোট পর্দায় প্রশংসনীয় কাজের জন্যও গোল্ডেন গ্লোব পুরস্কার দিয়ে আসছে প্রতিবছর। এ বছর আমেরিকান হরর স্টোরি: হোটেল-এ অভিনয় করে গানের মানুষ লেডি গাগা সেরা অভিনেত্রীর (মিনি সিরিজ/টেলিভিশন ফিল্ম) পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছেন অনেককে। তা ছাড়া পুরস্কার জিতে আলোচনায় ছিল মিস্টার রোবট, মোৎসার্ট ইন দ্য জাঙ্গাল, ম্যাডম্যান, দ্য অ্যাফেয়ার, এম্পায়ার ও উল্ফ হলের মতো টিভি সিরিজগুলো।
বিবিসি, ওয়াশিংটন পোস্ট, ইউএস ম্যাগাজিন ও লস অ্যাঞ্জেলেস টাইমস অবলম্বনে