বিশ্বে যেসব অল্টারনেটিভ রক দল চিরস্মরণীয় হয়ে থাকবে, তার মধ্যে অবশ্যই রেডিওহেড-এর অবস্থান হবে প্রথম সারিতে। আসলে ‘হবে’ বললেও ভুল হবে, কেননা তারা এখন পর্যন্ত অল্টারনেটিভ রক ভক্তদের কাছে শীর্ষস্থান দখল করে আছে। ২০০৯ সালে রোলিং স্টোন ম্যাগাজিনের পাঠকদের ভোটে তারা ২০০০ সালের দ্বিতীয় সেরা দল হিসেবে নির্বাচিত হয়। আনন্দ-এর পাঠকদের জন্য আজ রেডিওহেডের ইতিবৃত্ত ছাপা হলো। যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের অ্যাবিংডনে ১৯৮৫ সালে রেডিওহেড যাত্রা শুরু করে। সেই সময় এর সদস্যরা অ্যাবিংডন স্কুলের ছাত্র ছিলেন। থম ইয়র্কি ও কলিন গ্রিনউড একসঙ্গেই পড়তেন। ইডি ও’ব্রায়ান ও ফিল সেলওয়ে ছিলেন তাঁদের এক শ্রেণী ওপরে। জনি গ্রিনউড তাঁর বড় ভাইয়ের থেকে দুই শ্রেণী নিচে পড়তেন। যাত্রার শুরুতে তাঁরা ‘অন এ ফ্রাইডে’ নামে দল গড়লেন। নামকরণের কারণ ছিল খুবই সহজ। তাঁরা স্কুলে শুক্রবারেই অনুশীলন করতেন বলে অন এ ফ্রাইডে নাম রাখেন। তাঁরা প্রথমবারের মতো মঞ্চে গান পরিবেশন করেন ১৯৮৬ সালে। স্থান ছিল অক্সফোর্ডের জেরিকো টার্ভেন। জনি গ্রিনউড শুরুতে হারমোনিকা বাজাতে আসেন। এরপর তিনি কি-বোর্ড বাজানো শুরু করেন। কিন্তু এর কিছুদিন পরেই তিনি দলের লিড গিটারিস্টের ভূমিকায় অবতীর্ণ হলেন। ১৯৮৭ সালে ইয়র্কি, ও’ব্রায়ান, সেলওয়ে এবং কলিন গ্রিনউড অ্যাবিংডন ছেড়ে যেতে বাধ্য হলেন উচ্চশিক্ষা লাভ করার তাগিদে। এর পর থেকে তাঁরা মাঝেমধ্যে সাপ্তাহিক ছুটি ও অন্য ছুটির দিনগুলোতে একসঙ্গে অনুশীলন করতে থাকেন। ১৯৯১ সালে যখন বিশ্ববিদ্যালয়ের সনদ গ্রহণ করে সেই চার সদস্য ফিরে এলেন, তখনো জনি গ্রিনউড পড়ালেখা শেষ করেননি। এরপর অন এ ফ্রাইডে আবার তাদের কার্যক্রম শুরু করল এবং ডেমো রেকর্ড করাসহ নানা কনসার্টে অংশ নিতে থাকল। অন এ ফ্রাইডে দেখতে দেখতে অনেকগুলো কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে বেশ পরিচিত হতে থাকল। এ কারণে রেকর্ড লেবেল ও প্রযোজকেরা তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা শুরু করল। অক্সফোর্ডস কোর্টইয়ার্ড স্টুডিওর অংশীদার ক্রিস হাফোর্ড তাদের একটি কনসার্ট দেখে মুগ্ধ হন। এরপর তিনি এবং তাঁর ব্যবসায়িক অংশীদার মিলে অন এ ফ্রাইডের ডেমো বের করেন। সেই সঙ্গে তাঁরা দলটির ব্যবস্থাপনাও করা শুরু করেন। এখন পর্যন্ত তাঁরা দলটির ব্যবস্থাপনা করে আসছেন। সেই সময় তাঁরা এমি ও এ অ্যান্ড আর-এর প্রতিনিধি কিথ ওজেনক্রফটের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে ছয়টি অ্যালবাম প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হন ১৯৯১ সালে। এরপর এমি রেকর্ডসের অনুরোধে তাঁরা তাঁদের দলের নাম পাল্টে ‘রেডিওহেড’ রাখেন। রেডিওহেড নামটি ছিল টকিং হেডস নামক সত্তরের দশকের একটা নিউওয়েভ দলের ট্রু স্টোরিজ অ্যালবামের গানের শিরোনাম। তাঁরা গানটি অনেক পছন্দ করতেন বলে দলের নামটাই সেই গানের অনুসারে রেডিওহেড রাখেন। ১৯৯২ সালে তাঁদের প্রথম সিঙ্গেল ‘ক্রিপ’ বের হয়। কিন্তু তখন গানটি একদমই কোনো সাফল্য দেখতে পায়নি। ১৯৯৩ সালে তাঁদের প্রথম অ্যালবাম পাবলো হানি বের হয়। সেই অ্যালবামে আবার ‘ক্রিপ’ গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়ে যায়। বিশ্বব্যাপী গানটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাদের ৩০ মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। তারা নব্বইয়ের দশক ও বিংশ শতক দুটোতেই সমানভাবে ভূমিকা রাখতে পেরেছে। ২০০৫ সালে রোলিং স্টোনস-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে রেডিওহেড ৭৩-এ অবস্থান করছে। রেডিওহেড মূলত অল্টারনেটিভ রক ধাঁচের গান করে। তবে এর সঙ্গেই এক্সপেরিমেন্টাল রক ও ইলেকট্রনিক ধাঁচটাও যুক্ত হয়ে গেছে। রেডিওহেড বর্তমানে ডুব মেরে আছে। ইয়র্কি ও গডরিচ মিলে ‘অ্যাটমস ফর পিস’ নামের একটি দল গঠন করে একটি অ্যালবামও বের করেছে। তারা আবার যাত্রা শুরু করবে। তবে তার আগে কত দিন তারা ডুব মেরে থাকবে তা বলা দুষ্কর। আমরা অপেক্ষায় থাকলাম। রেডিওহেডের সদস্যরা কলিন গ্রিনউড—বেজ গিটার কি-বোর্ডস (১৯৮৫-বর্তমান) জনি গ্রিনউড—গিটার, কি-বোর্ডস (১৯৮৫-বর্তমান) ইডি ও’ব্রায়ান—গিটার, পারকাশন, এনালগ, সিনথেসাইজার, ব্যাকিং ভোকালস (১৯৮৫-বর্তমান) ফিলিপ সেলওয়ে—ড্রামস, পারকাশন (১৯৮৫-বর্তমান) থম ইয়র্কি—লিড ভোকালস, গিটার, কি-বোর্ডস, পিয়ানো, পারকাশন (১৯৮৫-বর্তমান)রেডিওহেডের যত অ্যালবাম পাবলো হানি (১৯৯৩) দ্য বেন্ডস (১৯৯৫) ওকে কম্পিউটার (১৯৯৭) কিড এ (২০০০) অ্যাম্লেসিয়াক (২০০১) হেইল টু দ্য থিফ (২০০৩) ইন রেইনবোজ (২০০৭) দ্য কিং অব লিম্বস (২০১১) মনোয়ারুল হক