ডুব-এ ডুবে ইরফান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুব ছবির মহরত অনুষ্ঠান। ছবি: আনন্দ
ডুব ছবির মহরত অনুষ্ঠান। ছবি: আনন্দ

‘আমরা কদিন খুব পরিশ্রম করছি। তার নমুনা আপনাদের দেখাব। ভিডিওটা কি রেডি?’ বলে মোস্তফা সরয়ার ফারুকী রহস্যের হাসি হাসলেন। মিলনায়তনের দর্শকদের চোখ তখন স্বাভাবিকভাবেই চলে গেছে পর্দার দিকে। ফারুকী হাতের ইশারায় কিছু একটা ইঙ্গিত করলেন পাশে বসা অভিনেতা ইরফান খানকে। জবাবে ইরফান খানও হাসলেন। তার মানে পর্দায় এখন কী ঘটতে চলেছে সেটা দুজনেই বেশ ভালো জানেন। ডুব ছবির গল্প নিয়ে বলতে গেলে এখন পর্যন্ত সবাইকে অন্ধকারেই রেখেছেন মোস্তফা সরয়ার ফারুকী। মহরতে হয়তো সে রহস্যের খানিকটা উন্মোচন করতে চলেছেন নির্মাতা। পর্দায় ভিডিও চিত্র এল। প্রথম দৃশ্যে ইরফান খানের মাথায় সাদা ফেট্টি। চোখে সানগ্লাস। পরিচালক-অভিনেতা দুজনে মিলে নামছেন ক্রিকেটের মাঠে। টস হয়ে গেল। ইরফানের হাতে ব্যাট। মারমুখী ব্যাটসম্যানের ভঙ্গি। খানিক পরে ফারুকীকেও দেখা গেল ব্যাট হাতে। এই তবে ‘কঠিন পরিশ্রমের’ নমুনা? অতএব ডুব ছবিতে কী আছে—তার জবাব রহস্যই থেকে গেল।

ইরফান খান
ইরফান খান

মোস্তফা সরয়ার ফারুকী ডুব ছবিতে কাজ করতে কীভাবে ইরফান খানকে রাজি করালেন, সেই কৌতূহল ছিল। জবাবটা নাকি বেশ সহজ। স্রেফ একটা ই-মেইল। বটে? গপপো নয় সত্যি! ভারত ও বাংলাদেশের দু-দুটো প্রযোজনা প্রতিষ্ঠান ইরফানের নাগাল পেতে একরকম হিমশিম খাচ্ছিল। শেষ পর্যন্ত কাজ হয়েছে একটা ই-মেইলে। মোস্তফা সরয়ার ফারুকী একটা ই-মেইল করেছিলেন ইরফান খানকে।
ইরফান জবাব দিয়েছেন মোটামুটি ‘পত্রপাঠ!’ অবাক করা ব্যাপার তো বটেই।
বলিউড থেকে হলিউড। বিল্লু থেকে জুরাসিক ওয়ার্ল্ড। অস্কার আসর মাত করা লাইফ অব পাই, স্ল্যামডগ মিলেয়নিয়ার অথবা চলচ্চিত্র উৎসবে শোরগোল ফেলে দেওয়া ছবি দ্য লাঞ্চ বক্স। ইরফান খান তাঁর সময়ের সেরা অভিনেতাদের একজন। সেই অভিনেতা ঢাকায় আসছেন! তাও আবার স্রেফ চেহারা দেখানো নয়। শাহরুখ খান বা সালমান খানের মতো একপশলা নাচ-গান দেখিয়ে রাতারাতি ফিরে যাওয়াও নয়। দুর্দান্ত এই অভিনেতা ঢাকায় আসছেন রীতিমতো পূর্ণদৈর্ঘ্যের কাহিনিচিত্রে অভিনয় করতে! বাংলাদেশের সিনেমার জন্য বড় ঘটনা তো বটেই।
সে কারণেই ১৮ মার্চ সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ছবির মহরত ঘিরে সাংবাদিকদের দারুণ আগ্রহ। ইরফান খান দর্শনের আশায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে দেখা মিলল সেই সব লোকজনেরও, যাঁরা ইতিপূর্বে বাংলাদেশের কোনো ছবির মহরতে হাজির থেকেছেন বলে সহজে মনে করতে পারবেন না।
তিশা, রোকেয়া প্রাচী আর পার্নো মিত্র ততক্ষণে চলে এসেছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সবার সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত। রাত আটটা। অবশেষে ইরফান দেখা দিলেন। সাদা শার্ট, কানে দুল। চুলটা পেছন করে আঁচড়ানো। চোখের নিচে ক্লান্তির ছাপ দৃশ্যমান। কিন্তু মুখের অভিব্যক্তিতে আর যা হোক আন্তরিকতার অভাব নেই। আলোকচিত্রীরা হন্যে হয়ে তাঁর পিছু নিলেন। সাংবাদিক থেকে কেউ কেউ মুহূর্তে বনে গেলেন সেলফি-শিকারিতে।
ইরফান বসলেন মঞ্চে একদম কোনার দিকের একটি চেয়ারে। কোনো রকম বড় তারকাসুলভ ভাবের তোয়াক্কা না করেই খোশগল্পে মাতলেন পাশে বসা সহশিল্পী তিশা আর রোকেয়া প্রাচীর সঙ্গে। নিয়মমাফিক দুটি বক্তব্যের পর উপস্থাপক ঘোষণা করলেন ইরফান খানের নাম। সিনেমার পর্দা যেমন তাঁর উপস্থিতিতে আকর্ষণীয় হয়ে ওঠে, বাস্তবেও ঘটল ঠিক তাই। তিনি বাংলা শিখছেন, সে কথা জানিয়েছিলেন আগেই। সেটা নিশ্চিত করলেন আরও একবার। বাংলা বা ইংরেজিতে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিলেন সমান ধৈর্য আর আগ্রহ নিয়ে।
জানালেন, মোস্তফা সরয়ার ফারুকীর পিঁপড়াবিদ্যা দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলেন তিনি। মানলেন, বাংলাদেশের ছবি তেমন দেখা হয় না। রবীন্দ্রসংগীতের ভক্ত তিনি। পছন্দের সংগীতশিল্পীর তালিকায় আছেন বাংলাদেশের অর্ণব। বিনয়ের সঙ্গে জানালেন, ছবির কো-প্রডিউসার হলেও ডুব ছবিতে অভিনয়ের সময় পুরোপুরিই পরিচালকের ‘বাধ্য’ থাকতে চান।
খোদ শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনাকেও সহজ করে নিলেন হালকা রসিকতায়। সব মিলিয়ে ঘণ্টা দুই, ইরফান হাসলেন, হাসালেন আর বুঝিয়ে দিলেন পূর্ব থেকে পাশ্চাত্যে—কেন তাঁর জয়জয়কার।