ডেইলি স্টার ধ্রুপদ সন্ধ্যা
ইংরেজি পত্রিকা ডেইলি স্টার-এর ২০ বছর পূর্তিতে পত্রিকাটি বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করছে।এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ছিল ধ্রুপদ সন্ধ্যা ‘সুর সাগর’। শুরুতে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন প্রিয়াংকা গোপ। এরপর এক এক করে সংগীত পরিবেশন করেন অনুপ বড়ুয়া ও সানি জোবায়ের। এই তিন শিল্পী প্রায় এক ঘণ্টা মিলনায়তনপূর্ণ দর্শকদের সুরে মুগ্ধ করে রাখেন। এরপর শুরু হয় নৃত্যানুষ্ঠান। এতে শামীম আরা নীপা, শিবলী মহম্মদসহ নৃত্যাঞ্চলের ১০০ শিল্পী নৃত্য পরিবেশন করেন। তাঁরা শুরু করেন ভরতনাট্যম দিয়ে। তারপর পরিবেশন করেন কত্থক, ওড়িশি ও মণিপুরি নৃত্য। এর আগে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমরা বছরব্যাপী বাংলা সংস্কৃতির নানা দিক মানুষের কাছে তুলে ধরে, উপভোগের সুযোগ করে দিয়ে আমাদের পাঠকদের কৃতজ্ঞতা জানাব।’ এ অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল জাতীয় নাট্যশালার বহিরাঙ্গন নানা রঙের ফুল আর অজস্র প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়েছিল। মিলনায়তনের সামনের মেঝেতে প্রদীপ আর ফুলসহযোগে বড় করে লেখা হয়, ‘ওয়েলকাম টু দ্য ডেইলি স্টার টুয়েন্টিথ অ্যানিভার্সারি ক্লাসিক্যাল নাইট: সুর সাগর।’