
শিল্পগুরু এস এম সুলতানের চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে ডেইলি স্টার ভবনে বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে চালু হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র ‘ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট’।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘একটি খবরের কাগজের অফিসে কেবল খবরের কাগজের মানুষই আসবেন, তা আমি চাইনি। চেয়েছি অন্যান্য মানুষও এখানে প্রতিদিন আসবেন।’
বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহ থেকে এস এম সুলতানের ৩৬টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী শুরু হচ্ছে আজ শুক্রবার। সন্ধ্যা ছয়টায় যৌথভাবে ‘পরাদৃষ্টি’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রদর্শনীটি ২৩ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে।
সংবাদ সম্মেলনে মাহ্ফুজ আনাম বলেন, দৈনিক পত্রিকা হিসেবে ডেইলি স্টার-এর এই উদ্যোগ বাংলাদেশের শিল্প ও সংগীতে কিছু অবদান রাখার প্রয়াস মাত্র।
আবুল খায়ের বলেন, এস এম সুলতানের চিত্রকর্মগুলো বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত শক্তিকে প্রকাশ করে। মানুষের মধ্যে একধরনের আশাবাদ জাগায়।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, এই সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ডেইলি স্টার-এর শিল্প ও সংস্কৃতিবিষয়ক পাতার সম্পাদক সাদিয়া আফরিন ডেইলি স্টারও বেঙ্গল ফাউন্ডেশনের এই উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করেন।