ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যশ চোপড়া
বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়াকে গতকাল শনিবার বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর যশ চোপড়ার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করা হচ্ছে, শিগগিরই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তিনি।’ ১০ অক্টোবর অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নেন যশ চোপড়া। পরদিন সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি। শুরুতে বাড়িতেই তাঁকে চিকিত্সা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল বিকেলে লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।যশ চোপড়া পরিচালিত সর্বশেষ ছবি ‘যব তক হ্যায় জান’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর। গত সেপ্টেম্বর মাসে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৮০ বছর বয়সী এ নির্মাতা।১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন যশ চোপড়া। ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বির-জারা’সহ মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত এই গুণী নির্মাতা। এ ছাড়া ফ্রান্সের লিজিয়ন অব অনার, পুসান চলচ্চিত্র উত্সব থেকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার, ফিল্মফেয়ার, আইফা, দাদা সাহেব ফালকে, কিশোর কুমার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন যশ চোপড়া।